Ram Temple: ট্রাষ্টের বৈঠকে সাধারণ সম্পাদক চম্পৎ রাইয়ের ইস্তফা গৃহীত, দায়িত্ব নিচ্ছেন বজরং বাগরা

People's Reporter: সোমবার অনুষ্ঠিত হয় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাষ্টের বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি মহন্ত শ্রী নৃত্য গোপাল দাস। পরিচালনা করেন কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাই
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাইছবি চম্পৎ রাইয়ের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

রাম মন্দির তহবিল চুরি কান্ডের পর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাষ্ট-এর সাধারণ সম্পাদক চম্পৎ রাই (Champat Rai) ও ট্রাষ্ট সদস্য অনিল মিশ্র। তাঁদের ইস্তফার প্রাপ্তি স্বীকার করে ট্রাষ্ট জানিয়েছিল পরবর্তী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার অনুষ্ঠিত সেই বহুল চর্চিত বৈঠকে ইস্তফা গৃহীত হয়েছে চম্পৎ রাই এবং অনিল মিশ্রের। জানা যাচ্ছে ট্রাষ্টের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন বজরং বাগরা (Bajrang Bagra)।

সোমবার অযোধ্যায় রামমন্দির কমপ্লেক্সের মধ্যেই অনুষ্ঠিত হয় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাষ্টের বৈঠক। এই বৈঠকে সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি মহন্ত শ্রী নৃত্য গোপাল দাস (Nritya Gopal Das)। বৈঠক পরিচালনা করেন ট্রাষ্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি। এছাড়াও এই বৈঠকে ট্রাষ্টের অন্যান্য সদস্যরা এবং সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আইন বিশেষজ্ঞরাও। জানা গেছে, বৈঠকের সময় চম্পৎ রাই মন্দির কমপ্লেক্সের ভেতর উপস্থিত থাকলেও তিনি এই বৈঠকে যোগ দেননি।

রাম মন্দিরের তহবিল এবং অলঙ্কার চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর প্রবল বিতর্কের জেরে নিজের পদ থেকে গত ২৬ জুন ইস্তফা দেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক চম্পৎ রাই। একই সঙ্গে ইস্তফা দিয়েছিলেন ট্রাষ্টের অন্য সদস্য অনিল মিশ্র। এই ইস্তফার আগের দিন রাম মন্দিরের ঘটনায় পুলিসের হাতে ৮ জন গ্রেপ্তার হয়। বিজনেস টুডে-র প্রতিবেদন অনুসারে, চম্পৎ রাই এবং অনিল মিশ্রের বিরুদ্ধে মন্দিরের তহবিল চুরির ঘটনার যোগসূত্র পাওয়া গেলেও এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি।

রাম মন্দির তহবিল আত্মসাতের ঘটনা

জুন মাসের প্রথম দিকে রাম মন্দিরে তহবিল চুরি প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের আনা অভিযোগের পরেই শোরগোল শুরু হয়। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে অখিলেশ যাদবের সমালোচনা হলেও পরবর্তী সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ সিট গঠিত হয় এবং ঘটনার তদন্ত শুরু করে সিট। এই তদন্ত থেকেই তহবিল চুরি, অলঙ্কার আত্মসাৎ সহ একাধিক ঘটনা সামনে আসে। বিভিন্ন সূত্র অনুসারে কমপক্ষে ৭ থেকে সাড়ে ৭ কোটি টাকার তহবিল আত্মসাৎ করা হয়েছে। এই চুরির বিষয়টি প্রাথমিকভাবে এড়িয়ে গেলেও সিট গঠনের পর পুলিশের সামনে বয়ান রেকর্ড করেন চম্পৎ রাই। সূত্র অনুসারে, যেখানে তিনি বলেছেন, তাঁর বিশ্বাসের সুযোগ নিয়ে টিন্নু যাদব পুরো চুরির ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই টিন্নু যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

বজরং বাগরা কে?

চম্পৎ রাইয়ের বদলে ট্রাষ্টের নতুন সাধারণ সম্পাদক বজরং বাগরা বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অযোধ্যায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি নির্বাচিত হন। এর আগে তিনি ন্যাশনাল অ্যালুমিনিয়ম কোম্পানীর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন। এরও আগে তিনি নালকো এবং রাইটস লিমিটেডের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। চাকরি থেকে স্বেচ্ছাবসরের পর তিনি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সরাসরি যুক্ত হন।

কী জানিয়েছেন অখিলেশ যাদব?

অন্যদিকে সোমবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছেন, রাম মন্দিরে এখন বিজেপি এবং উত্তরপ্রদেশ সরকারের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। তিনি আরও বলেন অযোধ্যার ঘটনা প্রমাণ করে যে মানুষের বিশ্বাস এবং ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। অখিলেশ দাবি করেন, সকলেই জানেন রাম মন্দিরে কী হয়েছে, কিন্তু সকলেই চুপ করে রয়েছেন। সমন্বয় সাধন করে কাজ করার বদলে ডবল ইঞ্জিন সরকার দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলছে। আসলে এখানে ক্ষমতার লড়াই চলছে এবং এদের কাছে মানুষের ধর্মীয় ভাবাবেগ এবং বিশ্বাসের কোনও মূল্য নেই।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাই
Ram Temple: অযোধ্যায় চম্পৎ রাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, ট্রাষ্ট ভেঙে দেবার দাবি আইনজীবীদের
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাষ্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পৎ রাই
Ram Temple: রাম মন্দির তহবিল আত্মসাৎ কান্ড - পুলিশের কাছে বয়ান রেকর্ড ট্রাষ্টের সম্পাদক চম্পৎ রাই-এর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in