

পরপর তিনটি ট্রেডিং সেশনে দাম পড়লো রাজেশ এক্সপোর্টস-এর শেয়ারের। সম্প্রতি সেবির এক অভ্যন্তরীণ রিপোর্টে দাবি করা হয়েছে এই সংস্থা ১৫.১৫ লক্ষ কোটি টাকা দুর্নীতির দায়ে অভিযুক্ত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন রাজেশ এক্সপোর্টস-এর সিইও রাজেশ মেহতা। উল্লেখযোগ্যভাবে এই সংস্থাতেই ভারতীয় জীবন বীমা নিগমের ১০.৮ শতাংশ লগ্নি আছে। প্রতিদিনই রাজেশ এক্সপোর্টস-এর শেয়ারের দাম পড়ায় পড়ছে এলআইসি-র বিনিয়োগের বাজারিকৃত মূলধনের পরিমাণও।
রাজেশ এক্সপোর্টসকে ঘিরে ওঠা বিতর্কের মাঝেই সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এলআইসি খোলা বাজার থেকে রাজেশ এক্সপোর্টস-এর শেয়ার কিনেছিল। সংস্থার সিইও রাজেশ মেহতা সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি দাবি করেছেন, এলআইসি এই শেয়ার গতকাল বা গত বছর কেনেনি। প্রায় কুড়ি বছর ধরে এলআইসি এই শেয়ার কিনেছে। তিনি আরও দাবি করেন, রাজেশ এক্সপোর্টস-এ এলআইসি-র শেয়ার কেনার বিষয়ে তিনি বা তার কোনও প্রোমোটরের কোনও ভূমিকা নেই। কোনোভাবেই এই সংস্থার কোনও পদাধিকারী বা প্রোমোটর এলআইসি-র শেয়ার কেনায় লাভবান হয়নি।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ মেহতা জানিয়েছেন, এলআইসি-র বিনিয়োগের বিষয়ে তাঁর কিছুই জানা নেই। এমনকি এলআইসি-র অফিস কোথায় তাও তিনি জানেন না। এই সংস্থায় শেয়ার কেনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই এলআইসি-র নিজস্ব।
সোমবার সকালে বাজার খোলার সময় রাজেশ এক্সপোর্টস-এর শেয়ারের দাম ছিল ৯৮.৭৩ টাকা। দিনের শেষে বাজার বন্ধের সময় যে দাম আরও নেমে দাঁড়িয়েছে ৯৩.৮০ টাকায়। গত ৩ জুন থেকে এই সংস্থার শেয়ারের দাম পড়েছে প্রায় ১৪ শতাংশ।
দ্য পাইওনিয়ারে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে সেবির অভিযোগের মাঝেই রাজেশ এক্সপোর্টস-এর বিরুদ্ধে আরও এক অভিযোগ এসেছে। যে অভিযোগ অনুসারে কানাড়া ব্যাঙ্কের কাছে রাজেশ এক্সপোর্টস-এর ঋণের পরিমাণ ২,৪৫৮ কোটি টাকা এবং যে ঋণ মেটায়নি রাজেশ মেহতার সংস্থা। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বড়ো অঙ্কের টাকা না মেটানো সত্ত্বেও কানাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ সিবিআই-এর কাছে কোনও অভিযোগ দায়ের করেনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন