Pinarayi Vijayan: 'বিজেপির স্বার্থের সহায়ক' - রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন পিনারাই বিজয়ন, বেবীর

People's Reporter: পিনারাই বলেন, রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গীর কারণেই ইন্ডিয়া মঞ্চ ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। শুধু CPIM-ই নয়, প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব। প্রশ্ন উঠছে কংগ্রেসের ভূমিকা নিয়ে।
পিনারাই বিজয়ন ও রাহুল গান্ধী
পিনারাই বিজয়ন ও রাহুল গান্ধী ফাইল ছবি, গ্রাফিক্স - আকাশ
Published on

কেরালার বর্ষীয়ান সিপিআইএম নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা পিনারাই বিজয়ন আরও একবার কড়া সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। শনিবার কোঝিকোড়ে পিনারাই বিজয়ন বলেন, রাহুল গান্ধীর মন্তব্য ইন্ডিয়া মঞ্চকে শক্তিশালী করবে না। বরং বিজেপিকেই সাহায্য করবে। সম্প্রতি রাহুল গান্ধী ইন্ডিয়া মঞ্চের এক বৈঠকে বলেছেন রাজনৈতিক বিরোধিতার কারণে তিনি পিনারাই বিজয়নকে আলিঙ্গন করবেন না। প্রসঙ্গত, কেরালা বিধানসভা নির্বাচনের সময় থেকেই পিনারাই বিজয়ন এবং রাহুল গান্ধীর মধ্যে একাধিক মন্তব্য ঘিরে দুই দলের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে।

রাহুল গান্ধীর প্রসঙ্গে এদিন সাংবাদিকরা পিনারাই বিজয়নকে প্রশ্ন করলে বর্ষীয়ান সিপিআইএম নেতা জানান, কে কাকে আলিঙ্গন করবে বা করবে না তা নিয়ে তিনি আদৌ চিন্তিত নন। যদিও আমরা সবাই তাঁর প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার ছবি দেখেছি। এক্ষেত্রে তাঁর এই মন্তব্য এক বিশেষ বার্তা বহন করে। তিনি ইন্ডিয়া মঞ্চকে কীভাবে দেখেন তাঁর এই মন্তব্য থেকেই তা স্পষ্ট হয়ে যায়।

লোকসভার বিরোধী দলনেতার কড়া সমালোচনা করে তিনি বলেন, রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গীর কারণেই ইন্ডিয়া মঞ্চ ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। শুধু সিপিআইএম-ই নয়, প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবরাও। প্রশ্ন উঠেছে কংগ্রেসের ভূমিকা নিয়ে। আজ ডিএমকে কোন অবস্থানে আছে তাও স্পষ্ট। বাস্তবতা হল, এই ধরণের দৃষ্টিভঙ্গী কোনোভাবেই ইন্ডিয়া মঞ্চকে শক্তিশালী করবে না। বরং তা বিজেপিকেই সাহায্য করবে। আমি এর আগেও এই কথা বলেছি। এই ধরণের মন্তব্য করে রাহুল গান্ধী এমন এক পরিস্থিতির সৃষ্টি করছেন যা বিজেপির স্বার্থের সহায়ক হয়ে উঠছে। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন।

রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবীও। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক বিবৃতিতে বেবী বলেন, “কেউই রাহুল গান্ধীকে বলছে না পিনারাই বিজয়নকে জড়িয়ে ধরতে। বরং আমরা কেবল এটুকুই চাইছি যে, পিনারাই বিজয়ন ও অন্যান্য বিরোধী নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি যেন ইডি (ED) এবং মোদী সরকারের সহায়তাকারীর ভূমিকা পালন করা বন্ধ করেন। বিরোধী দলীয় নেতার কাজ এটি নয়।”

পিনারাই বিজয়ন ও রাহুল গান্ধী
Kerala: দলের বর্ষীয়ান নেতার মুখে পিনারাই বিজয়নের প্রশংসা; কেরালায় ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস
পিনারাই বিজয়ন ও রাহুল গান্ধী
Rahul Gandhi: রাহুল গান্ধীর 'CJP' মন্তব্য - ইন্ডিয়া মঞ্চের বৈঠকে প্রতিবাদে সরব CPIM, CPI

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in