

রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর থেকে এই নিয়ে চতুর্থবার দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের। সোমবার, ২৫ মে চতুর্থবার দাম বাড়ানোর পর কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৩.৫১ এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯.৮২ পয়সা। এদিন কলকাতায় পেট্রোলে (Petrol) লিটার পিছু দাম বেড়েছে ২.৮৭ এবং ডিজেলে (Diesel) ২.৮২ পয়সা।
৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রথমবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ে গত ১৫ মে। এরপর থেকে দফায় দফায় এই নিয়ে চতুর্থ বার দাম বেড়েছে। গত ১০ দিনে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ৭.৩৫ এবং ডিজেলের দাম বেড়েছে ৭.৫৩ টাকা।
১৫ মে লিটারে ৩ টাকা বাড়ানোর পর ১৯ মে পেট্রোলের দাম বাড়ে লিটারে ৯০ পয়সা। এরপর ২৩ মে ফের দাম বাড়ে লিটারে ৮৭ পয়সা এবং ২৫ মে ২.৭১ পয়সা।
সোমবারের দাম বৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০২.১২ এবং ডিজেলের দাম ৯৫.২০ পয়সা। মুম্বাইতে এক লিটার পেট্রোলের দাম ১১১.২১ এবং ডিজেলের দাম ৯৭.৮৩। চেন্নাইতে পেট্রোলের দাম ১০৭.৭৭ এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা।
বিশেষজ্ঞদের মতে পশ্চিম এশিয়ায় লাগাতার উত্তেজনা এবং আমেরিকা-ইরান দ্বন্দ্বের কারণে প্রভাব পড়েছে পেট্রোলিয়ামজাত দ্রব্যের মূল্যস্তরে। তাদের মতে এই কারণেই আগামী দিনে দেশে আরও বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম।
আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম বিগত সময়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের (Brent Crude Oil) দাম ছিল ব্যারেল পিছু ৭২.৮৭ আমেরিকান ডলার (USD)। যা মার্চ মাসে বেড়ে দাঁড়িয়েছিল ১২০ ইউ এস ডলারের কাছাকাছি। যদিও বর্তমানে এই দাম ১০০ ইউ এস ডলারের আশেপাশে রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন