

দিল্লীর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি এবং অন্যান্য ছাত্র সংগঠনের অবস্থান বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ঘটনায় দিল্লিতে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সূত্র অনুসারে, দিল্লি পুলিশের পক্ষ থেকে আপাতত এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ এবং আনুষ্ঠানিক বিবৃতির পরেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ সম্ভব। দিল্লীর বিভিন্ন থানায় গত ২০ জুলাইয়ের ঘটনায় মোট ১৫টি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের সময় এই সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শনিবারই সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং অভিজিৎ রাঙ্কার সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় সরকারের। এই বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং সিজেপির দুই মুখপাত্রের যৌথ সাংবাদিক সম্মেলনে জে পি নাড্ডা জানান, সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে এবং আগামী মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে লিখিত আশ্বাস দেওয়া হবে।
যদিও সংবাদসংস্থার সূত্র অনুসারে, এফআইআর প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হলেও তা বর্তমান তদন্ত জারি থাকবে এবং যে সব প্রমাণ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখা হবে। রবিবার পর্যন্ত সেই সংক্রান্ত নির্দেশ কেন্দ্রের পক্ষ থেকে আসেনি।
শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে যন্তর মন্তরের ধর্না প্রত্যাহার করে নিয়েছে সিজেপি এবং অন্যান্য সংগঠন। কেন্দ্রের সঙ্গে আলোচনায় সিজেপি অন্যান্য দাবির সঙ্গে অন্যতম দাবি ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। যৌথ সাংবাদিক সম্মেলনে সিজেপি মুখপাত্র জানায় কেন্দ্র সেই দাবি মেনে নিয়েছে। পুরো বিষয়টি মেটাতে আরও দু’তিন দিন সময় লাগবে বলেও তিনি জানান।
ডেকান হেরাল্ড সংবাদসংস্থা পিটিআই-কে উদ্ধৃত করে জানিয়েছে, সূত্র অনুসারে, পুলিশ তাদের ফেস রেকগনিশন পদ্ধতি (এফআরএস) ব্যবহার করে আড়াই হাজারের বেশি জনকে শনাক্ত করেছে। সেদিনের ঘটনায় ৭০ জন আন্দোলনকারী এবং ২০০ জন পুলিশ আহত হয়েছে। এছাড়াও কিছু সরকারি যানবাহন এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন