Nalsar: BCI চেয়ারম্যান তথা BJP সাংসদ মনন কুমার মিশ্রকে ক্ষমা চাইতে হবে - দাবি নালসার ছাত্র সংগঠনের

People's Reporter: নালসার স্টুডেন্ট বার কাউন্সিলের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনায় বিজেপি সাংসদ তথা বিসিআই চেয়ারম্যান মনন কুমার মিশ্রের আপত্তিকর মন্তব্য প্রত্যাহার ও তাঁকে ক্ষমা চাইতে হবে বলে জানানো হয়েছে।
বিসিআই চেয়ারম্যান ও বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র
বিসিআই চেয়ারম্যান ও বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

হায়দারাবাদের নালসার ইউনিভার্সিটি অফ ল-কে (Nalsar University of Law, Hyderabad) ঘিরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (BCI) সাম্প্রতিক নিষেধাজ্ঞা জারি এবং পরে তা প্রত্যাহার এবং সুপ্রিম কোর্টে বিসিআই-কে তিরস্কারের পর এই ঘটনায় বিসিআই চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ মনন কুমার মিশ্রকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানালো নালসার স্টুডেন্ট বার কাউন্সিল। শনিবার নালসারের ঘটনায় বিসিআই-এর ভূমিকার নিন্দা করে এই দাবি জানিয়েছে স্টুডেন্ট বার কাউন্সিল (Student Bar Council)।

নালসার স্টুডেন্ট বার কাউন্সিলের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনায় বিজেপি সাংসদ তথা বিসিআই চেয়ারম্যান মনন কুমার মিশ্রের (Manan Kumar Mishra) আপত্তিকর মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি তাঁকে ক্ষমা চাইতে হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি মনন কুমার মিশ্র নালসার ইউনিভার্সিটি অফ ল সম্পর্কে বলেছিলেন, “নালসারের বেশ কিছু শিক্ষক এবং বহিরাগতরা নিরীহ শিক্ষার্থীদের উসকানি দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিল।” তাঁর এই মন্তব্যের সরাসরি বিরোধিতা করেছে নালসারের স্টুডেন্ট বার কাউন্সিল।

স্টুডেন্ট বার কাউন্সিলের চিঠিতে জানানো হয়েছে, বিসিআই-এর পক্ষ থেকে নালসারের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্রদের শনাক্ত করার। যার ফলে এই প্রচারের সঙ্গে জড়িত প্রায় প্রত্যেককে শনাক্ত করা হতে পারে। এঁদের মধ্যে উদ্যোক্তা, ছাত্র সংগঠনের পদাধিকারী, শিক্ষক, গবেষক, প্রাক্তন ছাত্ররা রয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, এই ধরণের বিবরণ চাওয়া গোপনীয়তার অনধিকারমূলক লঙ্ঘনের আওতায় পড়ে। কারণ এর ফলে শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ পেতে পারে এবং ভবিষ্যতে এই সমস্ত শিক্ষার্থীরা অসুবিধেয় পড়তে পারে।

বিসিআই-এর চিঠির ভাষাকে ‘অত্যন্ত আপত্তিকর’ হিসেবে চিহ্নিত করে স্টুডেন্ট বার কাউন্সিল জানিয়েছে, চিঠিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘দলাদলি’ এবং ‘নোংরা রাজনীতি’র কথা বলা হয়েছে এবং বলা হয়েছে কিছু সদস্য “শিক্ষার্থীদের বিপথে চালিত করছেন এবং বিভ্রান্ত করছেন’। নালসার স্টুডেন্ট বার কাউন্সিল জানিয়েছে, “এই ধরণের অভিযোগ ভিত্তিহীন এবং অসার। শুধুমাত্র ভিন্নমতের শান্তিপূর্ণ প্রকাশের জন্য বিশ্ববিদ্যাল্যের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এমন দাবি করা অযাচিত এবং  বিদ্বেষপূর্ণ মানসিকতার পরিচয়।”

পরিষদ অভিযোগ করেছে যে, বিসিআই চেয়ারপার্সনের কার্যকলাপ তাঁর পদের সঙ্গে বেমানান এবং যে সাংবিধানিক নীতিগুলি তিনি বজায় রাখবেন বলে আশা করা হয়েছিল, এই ধরণের নির্দেশ তার পরিপন্থী। পরিষদ আরও বলেছে, মিশ্রের দেওয়া বিবৃতিতে ছাত্র ও শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি প্রত্যাহার করা হয়নি। “এই ধরনের আপত্তিকর মন্তব্য করার জন্য আমরা বিসিআই চেয়ারপার্সনের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।”

স্টুডেন্ট বার কাউন্সিল চিঠিতে জানিয়েছে, “এটি সেই চিরাচরিত ‘দেশবিরোধী’ বয়ানকেই প্রতিফলিত করছে, যেখানে ভিন্নমতকে সঠিক ভাবে বিচার না করে এমনভাবে ব্যাখ্যা করা হয় যেন তা বাইরের কোনো পক্ষের কারসাজি—যারা এক ধরনের অভিভাবকসুলভ মনোভাব নিয়ে সহজেই প্রভাবিত হতে পারে এমন শিক্ষার্থীদের চালিত করছে।”

সুপ্রিম কোর্টের একটি রায়ের উদ্ধৃতি দিয়ে নালসার স্টুডেন্ট বার কাউন্সিল জানিয়েছে, বৈধ এবং আইনসম্মতভাবে ভিন্নমত প্রকাশের অধিকার অনুচ্ছেদ 19(1)(a) এর অধীনে নিশ্চিত অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ। বিসিআই চেয়ারপার্সন সম্ভবত এটি ভুলে গেছেন।

পরিষদ আরও জানিয়েছে, মনন কুমার মিশ্র শুধু একটি বিধিবদ্ধ নিয়ন্ত্রক সংস্থার প্রধানই নন, তিনি বিজেপির একজন রাজ্যসভা সাংসদও। তাই ছাত্র অসন্তোষের পেছনে থাকা শিক্ষক, প্রাক্তন ছাত্র, গবেষক এবং “বহিরাগতদের” চিহ্নিত করার যে প্রচেষ্টা তিনি করেছেন তা রাজনৈতিক কারণে বলেই মনে হয়।

বিসিআই চেয়ারম্যান ও বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র
Nalsar: বার কাউন্সিলের হস্তক্ষেপ 'অপ্রয়োজনীয়' - নালসার বিতর্কে BCI-র ভূমিকায় ক্ষোভ CJI সূর্য কান্তর
বিসিআই চেয়ারম্যান ও বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র
BCI: নালসার-এর ছাত্রদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার হুমকি; সিজেপি-র প্রতিবাদের পরেই নির্দেশ প্রত্যাহার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in