Monsoon Session: নীট প্রশ্ন ফাঁস, রাম মন্দিরে দান চুরি নিয়ে আলোচনার দাবি বিরোধীদের, অধিবেশন মুলতুবি

People's Reporter: সোমবার ২০ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা ও রাজ্যসভা। শেষে দিনের মত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।
সংসদ ভবন
সংসদ ভবনফাইল ছবি সংগৃহীত
Published on

সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই দফায় দফায় মুলতুবি হল অধিবেশন। এদিন অধিবেশনের শুরু থেকেই বিরোধীরা নীট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরব হন। সরব হন রাম মন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়েও।

সোমবার সকাল ১১টায় অধিবেশন শুরু হতেই লোকসভায় বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। এর ফলে প্রথমেই বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। এরপর দুপুর বারোটায় ফের অধিবেশন শুরু হলে আবারও বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে দ্বিতীয় বারের জন্য অধিবেশন মুলতুবি হয়ে যায়।

এদিন বার বার অধিবেশন মুলতুবি প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে সভাপতি দিলীপ সইকিয়া বলেন, সদন বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আপনারা আগ্রহী নন। আপনারা জনগণের সমস্যা নিয়ে আলোচনা করতে চান না। আপনারা বারবার সদনের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। এটা কোনও সঠিক পথ নয়। আপনারা অধিবেশন কক্ষে পোষ্টার, ব্যানার দেখাচ্ছেন। যা কখনই গ্রহণযোগ্য আচরণ নয়।

রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিভিন্ন বিষয় উত্থাপন করে বলেন, সরকার দিল্লিতে বিক্ষোভ দমনের চেষ্টা করছে। অচলাবস্থার মধ্যেই চেয়ারম্যান ভি. পি. রাধাকৃষ্ণন ‘বিজনেস অ্যাডভাইজরি কমিটি’র একটি বৈঠক ডাকেন।

দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “এই সরকার যুব ও শিক্ষার্থীদের ওপর লাঠি চালাচ্ছে। যদি আপনারা পরীক্ষা পরিচালনা করতে না পারেন... তবে ক্ষমতা ছেড়ে দিন, জনগণ দায়িত্ব নেবে! ক্ষমতায় থাকার কোনো যোগ্যতাই এদের নেই!”

এদিন লোকসভায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রশ্ন তোলেন, কেন সিজেপি বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে? কেন পুলিশ লাঠি চার্জ করেছে? তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। তাই প্রতিবাদীদের বিরুদ্ধে দমন মূলক নীতির প্রয়োগ করা হচ্ছে।

এদিন প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আলোচনা করার জন্য প্রচুর ইস্যু আছে। কিন্তু আপনারা সেই সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী নন। কেন সিজেপি আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ করা হল, কাঁদানে গ্যাস ছোঁড়া হল সরকার সেই প্রশ্নের উত্তর দিতে রাজি নয়।

দফায় দফায় মুলতুবির পর অবশেষে দিনের মত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

লোকসভার মতই রাজ্যসভাতেও এদিন অধিবেশন চালানো সম্ভব হয়নি। রাজ্যসভায় অধিবেশনের শুরুতেই বিরোধী সদস্যরা নীট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ জানিয়ে সরব হন।

সোমবার রাজ্যসভায় সিপিআইএম সাংসদ জন ব্রিটাস বন্দে মাতরম বিল প্রত্যাহারের দাবি জানান। ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিল অবিলম্বে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন।

ব্রিটাস বলেন, গত মার্চ মাসে যখন একই ধরনের একটি বিষয় সুপ্রিম কোর্টের সামনে এসেছিল, তখন আদালত পর্যবেক্ষণ করেছিল যে এতে কোনো আইনি বাধ্যবাধকতা বা শাস্তির বিধান জড়িত নেই এবং আদালত সেই আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করেছিল। তিনি অভিযোগ করেন যে, নির্বাহী পদক্ষেপের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য সাধনে ব্যর্থ হওয়ার পর সরকার এখন আইন প্রণয়নের মাধ্যমে বিষয়টি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ব্রিটাস বলেন, ‘বন্দে মাতরম’ সংক্রান্ত বিষয়গুলোকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে গণ্য করে দেশপ্রেম ‘তৈরি’ করা যায় না; পাশাপাশি জাতীয় গর্বের বহিঃপ্রকাশ বাধ্যতামূলক করতে ফৌজদারি আইন ব্যবহারের বিষয়েও তিনি সতর্ক করেন।

সংসদ ভবন
Parliament Session: সংসদ ভবনের বাইরে সাসপেন্ডেড বিরোধী সাংসদদের বিক্ষোভ, লোকসভার অধিবেশন মুলতুবি
সংসদ ভবন
প্রতি মিনিট সংসদ চালাতে খরচ ২.৫ লক্ষ! বাদল অধিবেশন বারবার মুলতুবিতে প্রথম ৩ দিনেই ক্ষতি ২৩ কোটি টাকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in