

পশ্চিম এশিয়ার যুদ্ধের সরাসরি প্রভাব পড়ল ভারতে। জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে দেশে। রান্নার গ্যাসের দাম, বিমানের ভাড়া তো আগেই বেড়েছিল, এবার অটোর এলপিজি-র দামও বাড়ল। অর্থাৎ মধ্যবিত্তের পকেটে আরও টান পড়বে এবার।
কলকাতায় লিটারে ৫ টাকা করে বাড়ল অটোর LPG-র দাম। আগে কলকাতায় অটোর LPG-র দাম ছিল লিটার প্রতি ৫৭.৬৮ টাকা। মূল্যবৃদ্ধির পর হয়েছে লিটারে ৬২.৬৮ টাকা। এই অতিরিক্ত টাকা গ্রাহকদের পকেট থেকেই নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। অটো ভাড়া বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও সেকথা ঘোষণা করা হয়নি।
তবে মূল্যবৃদ্ধির পরও অমিল গ্যাস। জানা গেছে, অটোর গ্যাসের দাম বাড়ছে এই ঘোষণার পরেই কলকাতায় অটো চালকেরা রাতভর লাইন দিয়েছিলেন বিভিন্ন এলপিজি পাম্পের বাইরে। কিন্তু অমিল গ্যাস। পাম্পগুলির বাইরে পোস্টার লাগানো 'নো স্টক'। তবে সকালে গ্যাসের ট্যাঙ্কার এসে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। যদিও এখনও তা সরবরাহ করা শুরু হয়নি। বিভিন্ন মিডিয়ায় সম্প্রচারিত হওয়া ভিডিওতে পাম্পের বাইরে অটোচালকদের লম্বা লাইন দেখা গেছে।
অটোচালকেদের অনেকেই বলছেন, দাম বৃদ্ধিটা পরের ভাবনা। কিন্তু গ্যাস না পেলে বন্ধই হয়ে যাবে অটো চলাচল। সেই পরিস্থিতি এলে কী হবে জীবন জীবিকার?
অন্যদিকে, জ্বালানি সংকটের জেরে মঙ্গলবারই বিমান ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের উপর সারচার্জ নেবে তারা। বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় জ্বালানির জন্য জন্য কোনও সারচার্জ নেওয়া হয় না। তবে উদ্ভূত পরিস্থিতিতে সারচার্জ নেওয়া হবে। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে যাওয়ার বিমানে ৩৯৯ টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও ১০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ টাকা) সারচার্জ ধার্য হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে এত দিন ৪০ ডলার (প্রায় ৩৫০০ টাকা) সারচার্জ দিতে হত। বৃহস্পতিবার থেকে তা ৬০ ডলার (প্রায় ৫৫০০ টাকা) করা হয়েছে।
আগামী ১৮ মার্চ থেকে ইউরোপগামী বিমানগুলির সারচার্জ ১০০ ডলার থেকে বাড়িয়ে ১২৫ ডলার (প্রায় সাড়ে ১১ হাজার টাকা) করা হবে। উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য সারচার্জ ২০০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা) করা হবে।
গত ৭ মার্চ মাঝরাত থেকে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। রান্নার গ্যাসের দাম একধাক্কায় সিলিন্ডার প্রতি ৬০ টাকা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ১১৪.৫০ টাকা করে।
আমেরিকা-ইজরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। জানা গেছে, এর ফলে ভারতেরই অন্তত ৩৭টি জাহাজ আটকে গিয়েছে। ভারতের আমদানি করা গ্যাসের ৮৫ থেকে ৯০ শতাংশ আসে পশ্চিম এশিয়া থেকে, হরমুজ প্রণালী হয়ে। যার সরাসরি প্রভাব পড়েছে দেশে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন