কর্ণাটকে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক চন্দ্রু লামানি। লোকায়ুক্ত তাঁকে ফাঁদ পেতে হাতেনাতে ধরেছে বলে জানা গেছে। ঘুষ নেবার অপরাধে গ্রেপ্তার হয়েছে বিজেপি বিধায়ক লামানি। তাঁকে কর্ণাটক লোকায়ুক্ত গ্রেপ্তার করেছে। ডেকান হেরাল্ডের রিপোর্ট অনুসারে, তিনি মোট ১১ লক্ষ টাকা দাবি করেছিলেন। পাঁচ লক্ষ টাকা সেই টাকারই অংশ।
লক্ষেশ্বর শহরে এক হাসপাতাল চালান লামানি। যে হাসপাতালে বিজেপি বিধায়ককে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতা হয়। তিনি গাদাগ তালুকের চিঞ্চালি গ্রামের এক ক্লাস ওয়ান কন্ট্রাকটর বিজয় পুজারের কাছ থেকে এই পরিমাণ ঘুষ দাবি করেন। এর পরেই ওই ব্যবসায়ী লোকায়ুক্তে অভিযোগ জানান। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, সেচ দপ্তরের অধীন এক টেন্ডারের জন্য তিনি ১১ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন।
এই ঘটনায় বিজেপি বিধায়ক চন্দ্রু লামানির দুই সহযোগী মঞ্জুনাথ বাল্মীকি এবং গুরুনায়েকে-কেও গ্রেপ্তার করেছে লোকায়ুক্ত। কর্ণাটক লোকায়ুক্ত জানিয়েছে, তারা বিজেপি বিধায়ক চন্দ্রু লামানির এক হাসপাতালে অভিযান চালায় এবং তাঁকে ৫ লক্ষ টাকা ঘুষ নেবার সময় হাতেনাতে ধরে ফেলে।
লোকায়ুক্ত জানিয়েছে তিন জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার তদন্ত চলছে। ধৃতদের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশনস অ্যাক্টের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। নিজের এক্স হ্যান্ডেলে করা এক পোষ্টে তিনি জানান, শিরাহাট্টির বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি ঘুষ নেবার অভিযোগে লোকায়ুক্তের হাতে ধরা পড়েছেন। বিজেপির লোকজন সহজেই অন্য দলের বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ তুলতো। এটা লজ্জার বিষয় যে যারা অন্যদের দিকে আঙুল তোলে তারাই এখন ঘুষ নেবার ঘটনায় জড়িয়ে পড়ছে। লোকায়ুক্ত তদন্ত এগিয়ে চলুক এবং সত্য সামনে আসুক। আমরা তদন্তে কোনও বাধা দেব না।
ধৃত বিজেপি বিধায়ক ডাঃ চন্দ্রু লামানি ২০২৩ কর্ণাটক বিধানসভা নির্বাচনে গাদাগ জেলার তফশিলি জাতির জন্য সংরক্ষিত শিরাহাট্টি কেন্দ্র থেকে নির্বাচিত হন। তিনি ২৮,৫২০ ভোটে নিকটতম নির্দল প্রার্থী রামকৃষ্ণ ডোডামনিকে পরাজিত করেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুজাতা ডোডামনি তৃতীয় স্থানে ছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন