ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চলা আন্দোলন শুক্রবার ১৪ দিনে পড়লো। এই আন্দোলনের অংশ হিসেবে ৬ জন আন্দোলনকারী অনশন করছেন। আন্দোলনকারীদের দাবি, চতুর্দশ ঝাড়খন্ড পিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করতে হবে এবং এই পরীক্ষায় যে অনিয়ম হয়েছে তা খুঁজে বের করতে সিবিআই তদন্ত করতে হবে। আন্দোলনরত ছাত্রদের অভিযোগ, ১৪ দিন ধরে তাদের আন্দোলন চললেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়নি। যদিও সূত্র অনুসারে, আজই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে পারে সরকার।
শুক্রবার সকালে জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক বিবৃতিতে জানানো হয়েছে, "সকল শিক্ষার্থীর প্রতি অনুরোধ, আপনারা সংবাদমাধ্যমের অনৈতিক ও অপ্রাসঙ্গিক প্রশ্নের ফাঁদে পা দেবেন না। সংবাদমাধ্যম আমাদের অনেক সহায়তা করেছে—তাই অনুগ্রহ করে আচরণবিধি মেনে চলুন। আমরা শিক্ষার্থী; 'ভাইরাল' হওয়ার প্রতি আমাদের কোনো মোহ থাকা উচিত নয়—কারণ আন্দোলন-পরবর্তী সময়ে আমাদের পড়াশোনাতেও মনোযোগ দিতে হবে। সংবাদমাধ্যমের প্রতিও অনুরোধ: তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে আমাদের এই আন্দোলনকে যেন অহেতুক চাঞ্চল্যকর করে তোলা না হয়।"
অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (AISF) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়শনের (AISA) পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার জন্য ১১ সদস্যের এক প্রতিনিধিদল গঠন করা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছিলেন তিনি ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য আগ্রহী। যদিও ছাত্রদের আন্দোলনের জেরে ঝাড়খন্ড বিধানসভার ৭৫০ মিটার অঞ্চল জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৬ আগস্ট থেকে ১২ আগস্ট সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, আজই বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিধানসভার দিকে মিছিল করে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের পক্ষ থেকে যে প্রতিনিধিদল গঠিত হয়েছে তাতে আটজন ছাত্র, দু’জন বিশেষজ্ঞ এবং একজন আইনজীবী আছেন। যে ৮ জন ছাত্র এই প্রতিনিধিদলে আছেন তাঁরা হলেন পীযূষ কুমার সিং, রবীন্দ্র পাসোয়ান, রাজেশ প্রসাদ, নীতু কুজুর, কার্ত্তিক সোরেন, রবীন্দ্র, অঙ্কিত কুমার এবং শালু সিং। ছাত্রনেতা রবীন্দ্র পাসোয়ান দাবি করেছেন, এসডিও তাদের আশ্বাস দিয়েছেন যে সরকার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবে।
অন্য এক ছাত্রনেতা জানিয়েছেন, তিনি রাহুল গান্ধীর সঙ্গে আন্দোলনের বিষয়ে কথা বলেছেন। তাঁর দাবি অনুসারে, রাহুল গান্ধী এই আন্দোলন সমর্থন করেছেন এবং জানিয়েছেন তিনি ঝাড়খন্ড সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন।
ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে বিধানসভাতেও। বৃহস্পতিবার ঝাড়খন্ড বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ছাত্র আন্দোলন নিয়ে বিরোধী বিধায়করা অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখান।
বিরোধীদের বিক্ষোভের পর ঝাড়খন্ডের মন্ত্রী সুদিব্য কুমার জানিয়েছেন, ছাত্রছাত্রীদের আন্দোলনের দাবির বিষয়ে সরকার আন্তরিক। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাক্তন জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতেকে এখনও পর্যন্ত চারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি সিআইডি তদন্তের গতিও বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে যে পাঁচজনের নাম আলোচক হিসেবে ঘোষিত হয়েছে তাদের মধ্যে আছেন মন্ত্রী দীপিকা পান্ডে সিং এবং সুদিব্য কুমার।
রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে গত ২৫ জুলাই থেকে আন্দোলন করছেন জেপিএসসি-জেএসএসসি সংস্কার মঞ্চ’। যা ঝাড়খন্ডে সাম্প্রতিক সময়ে সবথেকে বড়ো ছাত্র আন্দোলন। সংস্কার মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে আইসা বা এআইএসএফ-এর পক্ষ থেকে শুক্রবার ৭ আগস্ট যে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে তার সঙ্গে সংস্কার মঞ্চের কোনও সম্পর্ক নেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন