ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিশদ বিবরণ প্রকাশ্যে আনার দাবি জানিয়ে আক্রমণ আরও তীব্র করলো কংগ্রেস। বুধবার কংগ্রেস সাংসদ কিরণ কুমার চামালা এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ‘সেক্রেটারি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এখন ওয়াশিংটন ডিসি দিল্লির হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। একই সঙ্গে নিজের এক্স হ্যান্ডেল থেকে এই বিষয় নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন জয়রাম রমেশ।
গতকাল লোকসভার অধিবেশন থেকে বহিষ্কৃত কংগ্রেস সাংসদ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সম্ভবত আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে ভাষণ দেবেন। কিন্তু আমি জানিনা যে ভারতের প্রধানমন্ত্রী অথবা ট্রাম্পের ব্যক্তিগত সচিব, কে আজ ভাষণ দেবেন।
তিনি আরও বলেন, আমাদের দেশের প্রতিটি বিষয়ে, এমনকি অপারেশান সিঁদুরের সময়েও ডোনাল্ড ট্রাম্প কমপক্ষে ৫০ বার দাবি করেছেন যে তিনিই যুদ্ধবিরতি করিয়েছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে কিছুই জানাননি। আমি জানিনা তিনি এখন ভারতের হয়ে বলেন নাকি হোয়াইট হাউসে যা সিদ্ধান্ত হয় তার ভিত্তিতে বলেন। দেশের মানুষ এইসব জানতে চায়। কারণ এই কারণেই মানুষ আমাদের নির্বাচিত করেছেন।
বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেল (পূর্বতন ট্যুইটার) থেকে এক বার্তায় জয়রাম রমেশ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেছিলেন যে ভারতের অনুরোধে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিটি ঘোষণা করা হচ্ছে এবং অবিলম্বে কার্যকর হচ্ছে, তখন থেকে ৩৬ ঘণ্টা কেটে গেছে। প্রচার বিশেষজ্ঞরা সক্রিয় রয়েছেন, কিন্তু আমরা এখনও চুক্তি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাইনি – যদিও এটা স্পষ্ট যে ভারত কৃষি পণ্যের আমদানি উদারীকরণের ক্ষেত্রে ছাড় দিয়েছে। এমনকি কোনো যৌথ বিবৃতিও নেই। এটা একেবারে স্পষ্ট যে মোদিই এই ঘোষণাটি ত্বরান্বিত করেছেন। কেন? এর পেছনে অন্তত তিনটি কারণ রয়েছে...”
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্র্যুথ সোশ্যালে লেখেন, “প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার খাতিরে এবং তাঁর অনুরোধে, অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি, যার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করবে।”
ডোনাল্ড ট্রাম্পের এই বার্তায় আধ ঘণ্টার মধ্যেই রাত ১১টা ২ মিনিটে এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলে খুব ভালো লাগল। আমি আনন্দিত যে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যগুলোর উপর শুল্ক এখন ১৮% নামিয়ে আনা হবে। এই চমৎকার ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।”
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন