Gurmeet Ram Rahim: এবার ২১ দিনের মুক্তি; ১০ বছরের কারাবাসে মোট ১৭ বার ছাড়া পেলেন রাম রহিম

People's Reporter: চলতি বছরে ২৩৭ দিনের মধ্যে তিন মেয়াদে তিনি মোট ৯১ দিন কারাবাস থেকে ছুটি পেয়েছেন। এখনও পর্যন্ত মোট কারাবাসের মেয়াদে তিনি ৪৫১ দিন জেলের বাইরে ছিলেন বা থাকবেন।
ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম
ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমফাইল ছবি গুরমিত রাম রহিমের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

৩০ দিনের প্যারোল কাটিয়ে ২৪ জুনেই তিনি জেলে ফিরেছিলেন। এবার আবারও ২১ দিনের জন্য প্যারোলে (ফার্লো) মুক্তি পেলেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। ধর্ষণ কান্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবার পর ২০১৭ সাল থেকে গত ১০ বছর ধরে তিনি কারাগারে আছেন এবং বিগত ১০ বছরে তাঁকে মোট ১৭ বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। রাম রহিমের এই সাময়িক মুক্তি নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে।

গুরমিত রাম রহিমের এবারের মুক্তিকে ফার্লো বলা হচ্ছে। যার অর্থ সাময়িক মুক্তি। মূলত বন্দীদের দীর্ঘ সাজা ভোগের সময় ভালো আচরণের জন্য তাদের পুরষ্কার হিসেবে এই মুক্তি দেওয়া হয়। এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক আগে, কারাগারে বন্দী স্বঘোষিত গডম্যান এবং ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং-কে ২১ দিনের জন্য বিশেষ ছুটি দেয় বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার।

সেই প্রসঙ্গে হরিয়ানার জেলমন্ত্রী রঞ্জিত চৌতালা সাংবাদিকদের জানিয়েছিলেন, "জেল ম্যানুয়াল অনুযায়ী রাম রহিমকে প্যারোল দেওয়া হয়েছিল। জেলের বন্দিকে প্যারোল বা বিশেষ ছুটি দেওয়ার সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই।" "এটি একজন আসামির আইনগত অধিকার, যিনি তিন বছর সাজা পূর্ণ করার পরে প্যারোল বা ফার্লো চাওয়ার যোগ্য হন।"

প্যারোল এবং ফার্লোর মধ্যে কিছু পার্থক্য আছে। সাধারণভাবে কোনও নির্দিষ্ট বা জরুরি কারণ, যেমন পরিবারের কারোর গুরুতর অসুস্থতা বা মৃত্যুর ক্ষেত্রে প্যারোল মঞ্জুর করা হয়। অন্যদিকে ফার্লো অর্থাৎ অস্থায়ীভাবে সাময়িক মুক্তি পাওয়া যায় কারাদন্ড ভোগের সময় কারাগারে ভালো আচরণের পুরষ্কার স্বরূপ।

শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে এর আগে বারবার তাঁর প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আদালতেও তাঁর বারবার জামিন নিয়ে প্রশ্ন ওঠে। গত জানুয়ারি মাসে তাঁর জামিন নিয়ে প্রশ্ন তোলেন সিপিআইএম সাংসদ জন ব্রিটাস।

দুই শিষ্যাকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদন্ডের সাজা ভোগ করছেন ডেরা সাচ্চা প্রধান। ২০১৭ সালে তিনি ধর্ষণে অভিযুক্ত হন। সেই সময় থেকে এখনও পর্যন্ত তিনি মোট ১৭ বার প্যারোলে মুক্তি পেলেন। গত জানুয়ারি মাসে তাঁকে ৪০ দিনের মেয়াদে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর মে মাসে তাঁকে আরও ৩০ দিনের মেয়াদে প্যারোলে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ চলতি বছরে ২৩৭ দিনের মধ্যে তিন মেয়াদে তিনি মোট ৯১ দিন কারাবাস থেকে ছুটি পেয়েছেন। এখনও পর্যন্ত মোট কারাবাসের মেয়াদে তিনি ৪৫১ দিন জেলের বাইরে ছিলেন বা থাকবেন।

● চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

● এর আগে গত বছরের আগস্ট মাসে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।

● ২০২৫ সালের এপ্রিল মাসে তাঁকে ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

● তারও আগে দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে ২০২৫ সালের ২৮ জানুয়ারি তিনি ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

● হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে ২০২৪ সালের ১ অক্টোবর তাঁকে ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

● ২০২৩ সালের নভেম্বর মাসে রাজস্থান নির্বাচনের আগে ২৯ দিনের প্যারোল দেওয়া হয় তাঁকে।

● ওই বছরের জুলাই মাসে হরিয়ানার পঞ্চায়েত নির্বাচনের আগে ৩০ দিনের প্যারোলে ছুটি দেওয়া হয়েছিল।

● ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের মুখে তাঁকে ২১ দিনের জন্য পারোলে মুক্তি দেওয়া হয়।

● ২০২২ সালের জুন মাসে হরিয়ানা পৌর কর্পোরেশন নির্বাচনের আগে এবং অক্টোবর মাসে আদমপুর বিধানসভা উপনির্বাচনের আগে তাকে মুক্তি দেওয়া হয়।

● ২০২০ সালের অক্টোবরে, সোনেপতের বরোদা উপনির্বাচনের সময়ও তাকে দিনের বেলা গুরুগ্রামে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেরা সাচ্চা সৌদার বড় ভোটব্যাঙ্ক রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান ও পশ্চিম উত্তরপ্রদেশে। বহু বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দল এই সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য আগ্রহী। বিশেষত নির্বাচনের সময় এই ডেরা প্রধানের ‘আর্শীবাদ’ পেতে নেতারা ডেরায় যান—এ ঘটনা নতুন কিছু নয়। প্রতিবার প্যারোলে মুক্তি পেলে রাম রহিম উত্তরপ্রদেশের বাগপতে তাঁর আশ্রমে যান।

ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম
Gurmeet Ram Rahim: এই নিয়ে ১৬ বার; ফের প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম
ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম
Gurmeet Ram Rahim: প্যারোলে ছাড়া পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিম, ৮ বছরে এই নিয়ে ১৫ বার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in