উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির, উত্তরাখন্ডের বদ্রীনাথ মন্দিরের পর এবার আরও এক মন্দিরে দানের টাকা চুরির অভিযোগ। যে অভিযোগ উঠলো গুজরাটের অম্বাজী মন্দিরকে ঘিরে। জানা গেছে, পুরোনো এক সিসিটিভি ফুটেজ থেকে এই চুরির ঘটনা ধরা পড়েছে। গুজরাটের বানসকান্থার কালেক্টর মিহির প্রবীণকুমার প্যাটেল জানিয়েছেন, মন্দিরের দানের টাকা চুরির ঘটনায় ইতিমধ্যেই মন্দিরের ৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে রাম মন্দিরে ভক্তদের দানের টাকা ও অলঙ্কার চুরির ঘটনায়। এরপরেই অভিযোগ ওঠে বদ্রীনাথ মন্দিরের একই ধরণের ঘটনার। দুই রাজ্যের দুই মন্দিরে চুরির ঘটনায় যথাক্রমে ৮ জন এবং ১ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এরপর গুজরাটের অম্বাজী মন্দিরের ঘটনা সামনে এলো।
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণকুমার প্যাটেল জানিয়েছেন, অম্বাজী টেম্পল ট্রাষ্টের পক্ষ থেকে প্রতি মঙ্গলবার দানের টাকা গোনা হয়। সম্প্রতি দু’মাস আগের এক সিসিটিভি ফুটেজে দেখা যায় এরকমই এক মঙ্গলবার দানের টাকা গণনার সময় মন্দিরের এক কর্মী টাকার একটি বান্ডিল চুরি করেছে। এই ঘটনার কথা জানা মাত্রই অম্বাজী মন্দির ট্রাষ্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। দ্রুততার সঙ্গে পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং মন্দির ট্রাষ্টের ৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
অম্বাজী মন্দিরের ঘটনা প্রকাশ্যে আসার পরেই মন্দির ট্রাষ্ট বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। বানসকান্থার কালেক্টর এবং শ্রী আরাসুরি অম্বাজী মাতা দেবস্থান ট্রাষ্টের ম্যানেজিং ট্রাষ্টি প্রবীণ প্যাটেল জানিয়েছেন, অভিযুক্ত ৩ কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং মন্দিরের কাজকর্ম পরিচালনার জন্য নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঘোষণা করা হয়েছে। নতুন ব্যবস্থায় ২০টির বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছ’মাস পর্যন্ত সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি কর্মীদের বড়ো পকেটের পোশাক পরাও নিষিদ্ধ করা হয়েছে। মন্দিরের বাইরে বসানো হবে বড়ো এলইডি স্ক্রিন। যেখানে দান গণনা সরাসরি দেখা যাবে। দান গণনা কক্ষে ঢোকার আগে এবং বেরোনোর সময় পুলিশ মন্দিরের কর্মীদের পরীক্ষা করবে।
অম্বাজী মন্দিরের ৩ কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার করা হলেও বিরোধীদের মতে এই ঘটনার পেছনেও লুকিয়ে থাকতে পারে কোনও রাঘব বোয়াল। তাই তাঁরা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
দেশের বিভিন্ন খ্যাতনামা মন্দিরে দানের টাকা ও অলঙ্কার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। গত সোমবার এই বিষয়ে শীর্ষ আদালত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাষ্টকে নোটিশ জারি করেছে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতের কাছে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।
অম্বাজী মন্দিরকে ৫১টি সতীপীঠের অন্যতম বলে বিশ্বাস করেন ভক্তরা। বলা হয়, এখানেই দেবী সতীর হৃৎপিন্ড পড়েছিল। গুজরাটের বানসকান্থার সেই অঞ্চলেই গড়ে উঠেছে অম্বাজী মন্দির।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন