CPIM: বিরোধীদের উদ্দেশ্যে কী বার্তা দিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী? চিঠিতে কী লেখা?

People's Reporter: বেবী লিখেছেন, মুখ্য নির্বাচন কমিশনার যে বেআইনি ও স্বৈরাচারী কায়দায় কাজ করছেন, তা নিয়ে 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদনের প্রেক্ষিতে আমি NDA-র বাইরে রাজনৈতিক দলগুলিকে চিঠি লিখেছি।
সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি
সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি ফাইল ছবি, দ্য নিউজ মিনিটের সৌজন্যে
Published on: 

দেশের এনডিএ বিরোধী সব রাজনৈতিক দলকে চিঠি লিখেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করা হয়েছে। শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তিনি তাঁর রাজনৈতিক চিঠিতে কী লিখেছেন তা প্রকাশ্যে এনেছেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে বিরোধীদের উদ্দেশ্যে লেখা চিঠির বয়ান প্রকাশের আগে সিপিআইএম সাধারণ সম্পাদক লিখেছেন, "মুখ্য নির্বাচন কমিশনার যে বেআইনি ও স্বৈরাচারী কায়দায় কাজ করছেন, তা নিয়ে 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এ প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে আমি বিজেপি বা এনডিএ-র বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলকে চিঠি লিখেছি। সাংবিধানিক মূল্যবোধ ও নাগরিকদের ভোটাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তার কথা আমি তাতে উল্লেখ করেছি। সেই চিঠির বয়ান আমরা এখানে প্রকাশ করছি।"

লিখিত বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, "বামপন্থী দলগুলি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া (SIR) বন্ধ করা এবং অন্যায়ভাবে তালিকা থেকে বাদ পড়া সকলের ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি জানানো হবে। এছাড়া, দলগুলি নির্বাচন কমিশনের স্বাধীন ও গণতান্ত্রিক কার্যপদ্ধতি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে, নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান ব্যবস্থার পরিবর্তে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত নির্বাচন কমিটির (যাতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতি থাকবেন) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিও জানানো হয়েছে।"

বিরোধীদের উদ্দেশ্যে এম এ বেবী যে চিঠি লিখেছেন তাতে বলা হয়েছে, "আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ২৩ সেপ্টেম্বর 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এ ভারতের নির্বাচন কমিশন (ECI) সম্পর্কে যে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে নির্বাচন কমিশনের স্বৈরাচারী কার্যপদ্ধতি উন্মোচিত হয়েছে। এটি সত্যিই এক অভূতপূর্ব পরিস্থিতি, যেখানে নির্বাচন কমিশন এবং আমাদের গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে।"

"নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে আমরা যেসব আপত্তি জানিয়েছি, সেগুলিকে উপেক্ষা করে কমিশন ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া (SIR) চালিয়ে যাচ্ছে। এর ফলে ১৩ কোটিরও বেশি ভোটার তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।"

"এই প্রেক্ষাপটে, সাংবিধানিক মূল্যবোধ ও নাগরিকদের ভোটাধিকার রক্ষায় দায়বদ্ধ রাজনৈতিক দল হিসেবে আমাদের উচিত পরিস্থিতির গুরুত্ব ও জরুরি প্রয়োজন অনুযায়ী বৈঠক ও আলোচনার আয়োজন করা।"

"দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন এই আশায় যে, আমরা সকলেই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং ভোটাধিকার রক্ষার পক্ষে রুখে দাঁড়াব। এই অভূতপূর্ব পরিস্থিতির মোকাবিলায় আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনার জন্য আমরা পারস্পরিক সুবিধাজনক কোনো সময় ও স্থান ঠিক করে নিতে পারি।"

সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি
SIR Row: দেশজুড়ে বিতর্কের পরেই মীরাট ও বারাণসীতে জ্ঞানেশ কুমারের দুই কর্মসূচি স্থগিত
সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি
কমিশনের দুই সদস্য অন্ধকারে, সিদ্ধান্ত একা জ্ঞানেশ কুমারের, লাভ হয়নি আপত্তিতেও - চাঞ্চল্যকর রিপোর্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in