নিট কান্ডের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে কংগ্রেসের বিক্ষোভ - আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ

People's Reporter: নিট প্রশ্নফাঁস ও আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। কংগ্রেস নেতৃত্ব ও অখিলেশ যাদবকে আটক করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে রাহুল গান্ধী
প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে রাহুল গান্ধীছবি আইএনসি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

 নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি বলপ্রয়োগ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানী দিল্লিতে নতুন করে রাজনৈতিক সংঘাতের ছবি সামনে এল। মঙ্গলবার আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের নিকটবর্তী এলাকায় অবস্থান-বিক্ষোভ শুরু করে কংগ্রেস।

বিক্ষোভে অংশ নেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। অবস্থানে ছিলেন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও সাংসদ। অবস্থানে যোগ দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। কিছুক্ষণ আগেই তাদের আটক করা হয়েছে।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর

বিক্ষোভস্থল থেকে রাহুল গান্ধী অভিযোগ করেন, ছাত্র-যুবদের আন্দোলন দমনে অকারণ বলপ্রয়োগ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার এই ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগের দাবিও তোলেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের উপর হওয়া অত্যাচারের জবাবদিহি দাবি করতেই তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পর্যন্ত মিছিল করেছেন। তাঁর অভিযোগ, সরকার বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে চাইছে এবং সংসদেও এই বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে।

আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন রাহুল-প্রিয়াঙ্কা

মঙ্গলবারের কর্মসূচির আগে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে সোমবারের বিক্ষোভে আহতদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাসও দেন কংগ্রেস নেতৃত্ব। জানা গেছে গতকাল আহত এক ছাত্রীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।

কংগ্রেসের চার দফা দাবি

কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সামনে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য:

  • কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

  • আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জন্য সরকারের ক্ষমাপ্রার্থনা

  • সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি

  • জাতীয় শিক্ষানীতি ও নিট বিতর্ক নিয়ে সংসদে আলোচনা

  • কংগ্রেসের দাবি, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সংকটের যথাযথ সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সরকারের অবস্থান কী?

সরকারি সূত্রের দাবি, নিট প্রশ্নফাঁস সংক্রান্ত বিষয় সংসদে আলোচনার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছিল। যদিও পরে বিরোধী পক্ষ অতিরিক্ত শর্ত আরোপ করে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকে।

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ এদিন কংগ্রেসের অবস্থান স্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক হলেও সন্ধ্যা পর্যন্ত কোনও সমাধানসূত্র বেরোয়নি।

কীভাবে শুরু হয়েছিল বিতর্ক?

নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। সোমবার ককরোচ জনতা পার্টির (CJP) ডাকা ‘সংসদ অভিযান’-এ অংশ নিতে রাজধানীতে জড়ো হন হাজার হাজার ছাত্র-যুব। পুলিশের বাধা সত্ত্বেও বিক্ষোভকারীদের একাংশ সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে সংসদের প্রধান প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে।

বাদল অধিবেশনের শুরুতেই চড়ল রাজনৈতিক পারদ

নিট বিতর্ক, ছাত্র আন্দোলন এবং বিরোধী দলের বিক্ষোভকে কেন্দ্র করে সংসদের বাদল অধিবেশনের শুরুতেই কেন্দ্র ও বিরোধী শিবিরের সংঘাত তীব্র হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী কয়েক দিনে এই ইস্যু ঘিরে সংসদ ও রাজনীতির অন্দরে চাপানউতোর আরও বাড়তে পারে।

প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে রাহুল গান্ধী
CJP Protest: ছাত্র যুবদের সংসদ অভিযানে পুলিশি লাঠিচার্জ - প্রতিবাদে CPIM, কংগ্রেস সহ সব বিরোধীরা
প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে রাহুল গান্ধী
CJP Protest: শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিনভর বিক্ষোভ, 'আরশোলা'দের সামলাতে হিমশিম খেল প্রশাসন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in