Cockroach Janta Party: 'আরশোলা আসছে, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন' - যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি

People's Reporter: মূলত নীট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় লাগাতার অনিয়মের প্রতিবাদ জানিয়ে এদিনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।
দিল্লিতে ককরোচ জনতা পার্টির সমাবেশ, বাম দিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দিল্লিতে ককরোচ জনতা পার্টির সমাবেশ, বাম দিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ছবি সিজেপি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত, গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

নীট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লীর যন্তর মন্তরে চলছে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) বিক্ষোভ। এই বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি হওয়া ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও (Abhijeet Dipke) শনিবারের সমাবেশে যোগ দিয়েছেন।

যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে এদিন অভিজিৎ বলেন, “দেশের যুবসমাজ আর ভয় পাবে না, তারা লড়াই করবে। এমনকি আরশোলাও ভয় পায় না, আবার তারা কখনও মরেও না”। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার সকাল থেকেই বিক্ষোভকারীরা যন্তর মন্তরের সামনে সমবেত হয়েছেন। ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, “আমরাই শিক্ষামন্ত্রীকে নির্বাচিত করে সেখানে পাঠিয়েছি; আমাদের করের টাকা থেকেই তিনি বেতন পান! তাঁর কার্যকালে লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত। আরশোলা আসছে, ধর্মেন্দ্র প্রধান বিদায় নিচ্ছেন!”

সমাবেশে যোগ দিতে এদিনই দিল্লি পৌঁছেছেন অভিজিৎ দীপকে। তিনি তাঁর সমর্থকদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখার এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনের আবেদন জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমি এসেছি। আপনাদের সঙ্গে যন্তর মন্তরে দেখা হবে। সঙ্গে একটা করে বই এবং তিরঙ্গা আনতে কেউ ভুলবেন না। সৌজন্য দেখাতে পুলিশ কর্মীদের ফুল দিন। আমরা এই প্রতিবাদ ভালোবাসা এবং শান্তির সঙ্গে করতে চাই।

মূলত নীট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় লাগাতার অনিয়মের প্রতিবাদ জানিয়ে এদিনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। অনিয়মের প্রতিবাদ জানানোর পাশাপাশি এই সংগঠনের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যের পর অনলাইনে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। যেখানে তিনি দেশের যুব সম্প্রদায়ের একাংশকে ‘আরশোলা’ এবং ‘পরজীবী’ বলে উল্লেখ করেছিলেন। তাঁর এই মন্তব্যের পরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানানো হয়। চাপের মুখে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে।

ককরোচ জনতা পার্টির এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে যন্তর মন্তর চত্বর। আইন শৃঙ্খলা বজায় রাখতে ওই চত্বরে মোতায়েন করা হয়েছে ১০০০ পুলিশ কর্মীকে। এছাড়াও দিল্লীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে আরও হাজার পুলিশকর্মী।

আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলবে বলে জানা গেছে। এর আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নিজের গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করার পাশাপাশি জানিয়েছিলেন, আমরা আর কতদিন ভয়ে ভয়ে থাকবো? এই দেশ কোনও এক দলের নয়। দেশ আমাদের সকলের। তাই নীট আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে থাকতে তিনি দেশে ফিরবেন।

দিল্লিতে ককরোচ জনতা পার্টির সমাবেশ, বাম দিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Maharashtra: চাই বৈষম্যমুক্ত সমাজ; মহারাষ্ট্রের সৌন্দালাকে জাতপাতহীন গ্রাম হিসেবে ঘোষণা গ্রামসভার
দিল্লিতে ককরোচ জনতা পার্টির সমাবেশ, বাম দিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
'বিচার বিভাগে দুর্নীতি' বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য, ১০ বছরে ৮,৬০০টি অভিযোগ বিচারকদের বিরুদ্ধে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in