

দিল্লীর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party - CJP) ও অন্যান্য ছাত্র সংগঠনের আন্দোলনের সময় এক বিক্ষোভকারীর বাবার ওপর হামলা চালায় এক যুবক। সম্প্রতি এক পডকাস্টে হামলাকারী দক্ষিণপন্থী ওই যুবকের ভয়াবহ সাক্ষাৎকার নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ওই পডকাস্ট প্রচারিত হবার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সিজেপি। ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে সিজেপি নেতৃত্ব।
হামলাকারী ওই যুবকের নাম স্বতন্ত্র ভরদ্বাজ। এক ভিডিও সাক্ষাৎকারে বসে তিনি স্বীকার করেছেন যে কীভাবে তিনি আন্দোলনকারী নিশু আজাদের বাবার মাথা ফাটিয়ে দিয়েছিলেন। পাশাপাশি দক্ষিণপন্থী ভাবধারায় বিশ্বাসী ওই যুবক প্রকাশ্যেই বলেন নয়াদিল্লীর বিজেপি নেতা কপিল মিশ্রের ফোনে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। ছেড়ে দিয়েছে। সাক্ষাৎকারে ওই যুবক আরও দাবি করেন যে তাঁর পরিহিত জুতোটি দিল্লি পুলিশের ছিল। যদিও পুলিশের লাঠি তিনি কোথা থেকে পেয়েছিলেন তা জানাতে অস্বীকার করেন।
গত ২৩ জুনের ঘটনা প্রসঙ্গে হামলাকারী স্বতন্ত্র ভরদ্বাজ ওই সাক্ষাৎকারে বলেন, ‘আমি নিশুর বাবার মাথার খুলি ফাটিয়ে দিয়েছি। আপনি কি জানেন এই অপরাধের জন্য কোন ধারা প্রযোজ্য? ধারা ৩০৭। ওঁর মাথায় ৬০টা সেলাই পড়েছে। তাঁর অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাঁর মৃত্যুও হতে পারতো। তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং থানার বাইরে তাঁর মেয়ে নিশু দাঁড়িয়ে বলছিল এই ঘটনার বিচার না পেলে সে বিষ পান করবে।’
এর পরেই স্বতন্ত্র ভরদ্বাজ বলেন, ‘আমি জেলে যাইনি, এটা সারা বিশ্বের জানা উচিত। আমি সারারাত বাইরে ছিলাম। আমার ওপর ভগবানের আশীর্বাদ আছে। তারপর আছেন বড়োভাই কপিল মিশ্র। তিনি ফোন করতে আমি ছাড়া পেয়ে যাই। চিরাগ পাসোয়ানও আমার বড়ো ভাইয়ের মত। আপনি যে কোনো নেতার কথা ধরুন … মোদীজীও আমার বড়ো ভাই।’
এই সাক্ষাৎকারের একটি ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) পোষ্ট করে সিজেপি লিখেছে, "এই ব্যক্তি প্রকাশ্যে স্বীকার করছেন যে তিনি যন্তর মন্তরে মানুষের ওপর হামলা চালিয়েছিলেন এবং ঘটনার পর বিজেপি নেতারা তাঁকে পুলিশের হাত থেকে সুরক্ষা দিয়েছিলেন। @DelhiPolice-এর পদক্ষেপ নেওয়ার জন্য আর কতটা স্পষ্টভাবে স্বীকারোক্তি প্রয়োজন?"
এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি সিজেপি-র সহ আহ্বায়ক সৌরভ দাস জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁরা পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ জানাবেন।
স্বতন্ত্র ভরদ্বাজের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় স্বতন্ত্র ভরদ্বাজ এবং সুরজ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। শীঘ্রই এই বিষয়ে অভিযোগপত্র দাখিল করা হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন