নয়াদিল্লীর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party - CJP) অবস্থান বিক্ষোভ ২৩ দিনে পড়লো। নীট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ একাধিক দাবিতে গত ২২ দিন ধরে এই আন্দোলন চলছে। এই আন্দোলনে অংশ নিয়ে গত ১৫ দিন ধরে অনশন করছেন খ্যাতনামা পরিবেশবিদ সোনম ওয়াংচুক সহ আরও কয়েকজন। জানা গেছে, রবিবার সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনশন শুরুর পর থেকে তাঁর রক্তচাপ ক্রমশ নেমেছে এবং প্রায় ৭.৮ কেজি ওজন কমেছে।
গত ১০ জুলাই এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, “আমি কোনো গান্ধী বা নায়ক নই... যখন কেউ বলে—'আপনি আধুনিক গান্ধী’ বা ‘আপনিই আসল নায়ক—তখন আমার খারাপ লাগে। আমি কেবলই একজন সাধারণ নাগরিক, যে তার নাগরিক দায়িত্ব পালন করছে। আপনিও তা-ই করতে পারেন। দয়া করে অন্যের মাঝে নায়ক খোঁজা বন্ধ করুন। নিজের জীবনের গল্পের নায়ক নিজেই হয়ে উঠুন।”
গত ২০ জুন থেকে নয়াদিল্লীর যন্তর মন্তরে শুরু হয়েছে ককরোচ জনতা পার্টির লাগাতার অবস্থান বিক্ষোভ। গত ২৮ জুন এই বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়েছেন সোনম ওয়াংচুক। তখন থেকেই তিনি অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন।
রবিবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভস্থলে গেছিলেন কেরালার প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেত্রী কে কে শৈলজা। গতকাল এই আন্দোলন মঞ্চে এসে সংহতি প্রকাশ করেছেন বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ এবং কেরালার প্রাক্তন মন্ত্রী আইজ্যাক টমাস। গত কয়েকদিনে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বও এই বিক্ষোভ স্থলে এসে সংহতি প্রকাশ করেছেন।
ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আগামী ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। মিছিলের নাম দেওয়া হয়েছে চলো সংসদ। যন্তর মন্তর থেকে শুরু হয়ে এই মিছিল সংসদ ভবন পর্যন্ত যাবে। সর্বস্তরের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। যদিও সিজেপি প্রধান অভিজিৎ দীপকে রবিবার এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) জানিয়েছেন, কোনও কোনও সূত্র থেকে জানা গেছে, সিজেপি-র শান্তিপূর্ণ মিছিলে বাইরে থেকে কিছু দুষ্কৃতী ঢুকিয়ে মিছিল বানচাল করে দেওয়ার চেষ্টা করা হবে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যের পর অনলাইনে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। যেখানে তিনি দেশের যুব সম্প্রদায়ের একাংশকে ‘আরশোলা’ এবং ‘পরজীবী’ বলে উল্লেখ করেছিলেন। তাঁর এই মন্তব্যের পরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানানো হয়। চাপের মুখে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। নীট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লীর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) ডাকে প্রথম বিক্ষোভ হয় গত ৬ জুন। এই বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে বহু ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ যোগ দেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন