

৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে স্বতন্ত্র ভরদ্বাজকে। দিল্লি পুলিশের কাছে এই সুনির্দিষ্ট আশ্বাস পেয়ে নিজেদের ধরণা তুলে নিল ককরোচ জনতা পার্টি। এর আগে শুক্রবার সকালে দিল্লীর পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে দক্ষিণপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজের গ্রেপ্তারির দাবিতে সরব হয় সিজেপি সদস্যরা। গতকাল এক ভিডিও সাক্ষাৎকারে স্বতন্ত্র ভরদ্বাজ জানান, দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় তিনি নিশু আজাদের বাবার মাথা ফাটিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁর জেল হয়নি। এর পরেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়।
ওই সাক্ষাৎকারে নিজেকে ‘কট্টর হিন্দু’ বলে দাবি করেন স্বতন্ত্র ভরদ্বাজ। সাক্ষাৎকারে বেশ গর্বের সঙ্গে তিনি নিশু আজাদের বাবার মাথা ফাটানোর কথা জানান এবং দাবি করেন নিশু আজাদের বাবার মাথায় ৬০টা সেলাই পড়েছে। তাঁর অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাঁর মৃত্যুও হতে পারতো। এজন্য তাঁর বিরুদ্ধে ধারা ৩০৭ দেবার কথা। কিন্তু তা সত্ত্বেও তিনি বাইরেই ছিলেন।
স্বতন্ত্র ভরদ্বাজ জানান, ‘আমি জেলে যাইনি, এটা সারা বিশ্বের জানা উচিত। আমি সারারাত বাইরে ছিলাম। আমার ওপর ভগবানের আশীর্বাদ আছে। তারপর আছেন বড়োভাই কপিল মিশ্র। তিনি ফোন করতে আমি ছাড়া পেয়ে যাই। চিরাগ পাসোয়ানও আমার বড়ো ভাইয়ের মত। আপনি যে কোনো নেতার কথা ধরুন … মোদীজীও আমার বড়ো ভাই।’
এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই প্রতিবাদ জানায় সিজেপি নেতৃত্ব। সিজেপির পক্ষ থেকে বলা হয়, এই ঘটনায় প্রমাণ করে দিল্লি পুলিশ সিজেপি আন্দোলনে হাঙ্গামাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এদিন সকালে সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা সিজেপি সমর্থকদের নিয়ে দিল্লীর পার্লামেন্ট স্ট্রিট থানায় যান। তাঁদের সঙ্গে ছিলেন সাংসদ চন্দ্রশেখর আজাদ, পাপ্পু যাদব। থানায় গিয়ে তাঁরা স্বতন্ত্র ভরদ্বাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবিতে সরব হন।
থানার সিজেপির ধর্নার পর নিশু আজাদ জানান, পুলিশ জানিয়েছে ৭২ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ভরদ্বাজকে গ্রেপ্তার করা হবে। আমরা বিশ্বাস করি যে কোনও গড়িমসি না করে পুলিশ এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে।
এদিনের ঘটনা প্রসঙ্গে এআইসিসি-র আইনি বিভাগের সঙ্গে যুক্ত ঋষভ জানিয়েছেন, পুলিশ জানিয়েছে ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং স্বতন্ত্র ভরদ্বাজকে গ্রেপ্তার করা হবে। তিনি আরও জানান, এই ঘটনায় হত্যার চেষ্টা, এসসি/এসসি অ্যাক্ট, অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ যুক্ত করার দাবি জানানো হয়েছে এবং পুলিশ সেই দাবি মেনে নিয়েছে।
স্বতন্ত্র ভরদ্বাজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেন, স্বতন্ত্র ভরদ্বাজের মত গুন্ডারা যন্তর মন্তরে এসেছিল। দিল্লি পুলিশ কি তাদের শনাক্ত করতে পারেনি? সে হত্যার চেষ্টা করেছে। দিল্লি পুলিশ তাঁকে বাঁচানোর চেষ্টা করছে, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, আমরা দিল্লি পুলিশের আশ্বাস পেয়ে আজ ফিরে যাচ্ছি। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হলে আমাদের আবার এখানে আসতে হবে। তিনি আরও বলেন, যদি ওই গুন্ডা প্রকাশ্যে দাবি করে থাকে যে কপিল মিশ্র, চিরাগ পাসোয়ানের কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বিজেপির উচিত এই বিষয়টি স্পষ্ট করা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন