Assam: আসামে এনডিএ শরিকদের আসন চূড়ান্ত হলেও বিজেপির প্রার্থী তালিকা নিয়ে এখনও টানাটানি

People's Reporter: হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এনডিএ শরিকদের মধ্যে অসম গণ পরিষদকে ছাড়া হচ্ছে ২৬ আসন। এছাড়া বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টকে ১১ আসন ছাড়া হবে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাফাইল ছবি
Published on

নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হয়ে গেলেও আসামে শাসকদল বিজেপি তাদের প্রার্থী তালিকা এখনো ঘোষণা করতে পারেনি৷ মঙ্গলবার বিকেলের খবর অনুসারে আসামে বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূত্র অনুসারে, আগামী ১৯ মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। আগামী ৯ এপ্রিল আসামের ১২৬ আসনে এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এনডিএ শরিকদের মধ্যে অসম গণ পরিষদকে ছাড়া হচ্ছে ২৬ আসন। এছাড়া বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টকে ১১ আসন ছাড়া হবে। তিনি আরও বলেন, আগামীকাল বুধবার সন্ধ্যে ৭টায় ফের আসামের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। হয় আগামীকাল রাতে অথবা ১৯ তারিখ সকালে প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন শনিবার ও রবিবার দুদিন গুয়াহাটিতে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। যদিও দফায় দফায় বৈঠক করেও আসামের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মঙ্গলবার ও বুধবার দিল্লিতে বৈঠক হবে বলে সিদ্ধান্ত হয়।

বিজেপি সূত্র অনুসারে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হিমসিম খাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে মনোনয়ন না পেলে অনেকেই দল ছাড়তে পারেন এই আশঙ্কা থেকে বিজেপির প্রার্থী তালিকা ক্রমশ পিছোচ্ছে।

সূত্র অনুসারে, প্রার্থীপদ নিয়ে দলের দুই শিবির আড়াআড়ি ভাগ হয়ে গেছে। একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চাইছেন তাঁর পছন্দের লোকদের মনোনয়ন দিতে। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল তাঁর ঘনিষ্ঠদের মনোনয়ন দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন৷ 

এছাড়াও আসন ভাগাভাগি নিয়ে শরিক মধ্যে মতানৈক্য রয়েছে। প্রধান শরিক অগপ গতবারের চেয়ে বেশি আসন দাবি করেছে। গতবার অগপ ২২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দর কষাকষির পর এবার তাদের ২৬ আসন ছাড়ছে বিজেপি। অগপকে ২৬ আসন ছাড়ার মূল কারণ মনোনয়ন না পেলে দলত্যাগের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন বহু অগপ নেতা। অগপ-র কেন্দ্রীয় নেতা জয়ন্ত খাউন্ড দলত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন। বিজেপির অন্য শরিক বোড়োল্যান্ড এলাকার ইউপিপিএল এবার এক লড়াই করার কথা ঘোষণা করেছে।

দলের প্রধান প্রমোদ বোড়ো সোমবার জানিয়েছেন, আমরা এখন এনডিএতে আছি কিনা, তা স্পষ্ট নয়। এবার আমাদের জোটের থাকার বাধ্যবাধকতা নেই। তাই বোড়োল্যান্ড এলাকার মোট পনেরোটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করা হবে।  প্রসঙ্গত, বোড়োল্যান্ড টেরিটোরিয়্যাল কাউন্সিল নির্বাচনে ইউপিপিএলকে পরাস্ত করে বিপিএফ দখল করার পর ইউপিপিএলের সঙ্গ ছেড়ে বিপিএফের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছে বিজেপি।

এছাড়াও বিজেপির জন্য সবথেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একাধিক বিরোধী দলের অনেক নেতাকে মনোনয়ন দেবেন জানিয়ে দলে এনেছেন। এখনও তিনি একাধিক কংগ্রেস নেতাকে বিজেপিতে আনার চেষ্টা করছেন। তাদের সকলকে মনোনয়ন দিতে গেলে বিজেপির পুরোনো কর্মীরা বঞ্চিত হতে হবে। যা নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

এদিকে, বিজেপি এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে না পারলেও বিরোধী ইন্ডিয়া জোট এক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে।  বিরোধী জোটের প্রধান শরিক কংগ্রেস দু’দফায় ৬৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিরোধী জোটের অন্যতম শরিক সিপিআই(এম) এবার সরভোগ ও গোরেশ্বর (আদিবাসী সংরক্ষিত) এই দু'টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোমবার গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার। সরভোগে দলের প্রার্থী হচ্ছেন বর্তমান বিধায়ক মনোরঞ্জন তালুকদার। গোরেশ্বর কেন্দ্রের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক বাপুরাম বোড়ো। বিরোধী জোটের আরেক শরিক কার্বিআংলঙের এপিএইচএলসি সোমবার তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।  দলের প্রধান জন ইংতি কাতার ডিফু কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরো দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করবে। বিরোধী জোটের আরেক আসাম জাতীয় পরিষদ এখনও প্রার্থীপদ ঘোষণা করেনি। এছাড়াও অন্য শরিক রাইজর দলের সঙ্গে ধিং কেন্দ্র নিয়ে মতবিরোধ হওয়ায় এই সমঝোতা আটকে রয়েছে। এই কেন্দ্রে কংগ্রেস ও রাইজর - দুই দলই লড়াই করতে আগ্রহী।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Assam: ভোটমুখী আসামে হিমন্ত বিশ্ব শর্মার এআই ভিডিও বিতর্ক; দেশজুড়ে সমালোচনায় পোষ্ট মুছলো বিজেপি
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Assam: হিমন্ত বিশ্বশর্মার 'ঘৃণাসূচক' মন্তব্যের প্রতিবাদ - গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ বিশিষ্টজনেরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in