

ব্রাজিলিয়ান তারকা নেইমার ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য আড়াই লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলা ভিত্তিক সংবাদমাধ্যম এল সুমারিয়ো (elsumario.com) দিন কয়েক আগে তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি জানিয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ভেনেজুয়েলার ভূমিকম্প প্রসঙ্গে নেইমার জানিয়েছেন, ভেনেজুয়েলার জনগণের জন্য আমার হৃদয় ব্যাথিত। তিনি আশা প্রকাশ করেছেন, এই অনুদান ভেনেজুয়েলায় খাদ্য, পানীয় জল, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থার জন্য সহায়ক হবে।
গত ২৫ জুন পরপর দুটি ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যায় ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশ। প্রথমে ৭.২ তীব্রতার এবং এর ঠিক ৩৯ সেকেন্ড পর ৭.৫ তীব্রতার দুই ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কারাকাস এবং নিকটবর্তী লা গুয়ারিয়া, আরাগুয়া, ফ্যালকন, কারাবোডো প্রভৃতি অঞ্চল। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১,৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত ৩ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ। জীবনের খোঁজে এখনও চলছে উদ্ধার অভিযান। যদিও ভেনেজুয়েলায় বিরোধী দল চালিত এক ওয়েবসাইটে দাবি করা হয়েছে এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা প্রায় ৫০ হাজার। যে দাবি অস্বীকার করেছে সরকার পক্ষ।
রবিবার ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, ভেনেজুয়েলার সমস্ত স্কুল আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে। কারণ এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় উদ্ধারকাজ চলছে। তিনি আরও জানান, লা গুয়ারিয়ার ৭৫ শতাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চালু করা গেছে। পানীয় জল পৌঁছানো সম্ভব হয়েছে ৬৮ শতাংশ এলাকায়। প্রায় ৯০ শতাংশ এলাকায় রাস্তাকে ব্যবহারের উপযোগী করতে পারা গেছে। গতকাল তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ চলার সময় গতকালও বেশ কিছু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বংসী ভূমিকম্পে ১২,৭২১ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৭৭৪ টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন