দক্ষিণ আফ্রিকার কাছে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ৭৬ রানে পরাজিত হবার পর প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। ২০২৬ আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে গতকাল ভারতীয় বাহিনী পর্যুদস্ত হয়েছে। গতকালের পরাজয়ের সঙ্গে সঙ্গেই টি-২০ বিশ্বকাঁপে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেছে।
জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল গাভাসকার বলেন, আপনারা দেখেছেন কীভাবে ডিওয়াল্ড ব্রেভিস এবং ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার ইনিংসের কাঠামো গড়েছে। ভি-তে বেশি শট খেলেছে। যখন বাউন্সার দেওয়া হয়েছে তখন বুদ্ধিমত্তার সাথে তা প্রতিহত করেছে। কারণ তাঁরা বুঝতে পেরেছিল যে বল দ্রুত ব্যাটে আসছে না। কিন্তু এই ইনিংস দেখার পরেও ভারতীয় ব্যাটসম্যানরা তা থেকে শিক্ষা নেয়নি।
তিনি আরও বলেন, ভারত মাঠে নেমেই প্রতি বলেই ব্যাট চালিয়েছে বাউন্ডারির আশায়। টি-২০ ক্রিকেট এভাবে খেলা যায় না। প্রতিপক্ষকে দেখে শেখা উচিত। ভারতীয় ব্যাটসম্যানরা তা না করে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে খেলতে গিয়ে উইকেট হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা এদিন ভারতকে ছাপিয়ে গেছে এবং এটা তাদের প্রত্যাশিত জয়।
গাভাসকার জোরের সঙ্গে বলেন, টি-২০ ক্রিকেট মানে শুধুই পাওয়ার হিটিং নয়। বরং ম্যাচের পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী খেলতে হয়। ভারতের উচিত দক্ষিণ আফ্রিকার পথ অনুসরণ করা এবং পিচের চরিত্র বুঝে খেলার চেষ্টা করা।
উল্লেখ্য, গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে পরাজয়ের পর সেমিফাইনালের দরজা বেশ কিছুটা কঠিন হয়ে গেছে ভারতীয় দলের কাছে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর জন্য পরের দুটি ম্যাচে জয়ের পাশাপাশি ভালো রান রেট ধরে রাখতে হবে ভারতীয় দলকে।
গতকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দল প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। মিলার এবং ব্রেভিস জুটির ৯৭ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ১৮৭ রানে পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে ভারতীয় ইনিংস শেষ হয়ে যায়। ভারতীয় দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শিবম দুবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন