ISL: ড্র দিয়েই নতুন বছর শুরু কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়ার

২-০ গোলে এগিয়ে থেকেও জয় অধরা থাকলো কেরালার। প্রথমার্ধেই সমতা ফিরে পেয়ে ইভান ভুকোমানোভিচদের এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য করলেন ডেরিক পেরেইরার বাহিনী।
কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়া
কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়াছবি কেরালা ব্লাস্টার্স-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on: 

এক-এক পয়েন্ট নিয়েই নতুন বছরে অভিযান শুরু কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়ার। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে কেরালা বনাম গোয়ার লড়াই শেষ হয়েছে ২-২ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে। ২-০ গোলে এগিয়ে থেকেও জয় অধরা থাকলো কেরালার। প্রথমার্ধেই সমতা ফিরে পেয়ে ইভান ভুকোমানোভিচদের এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য করলেন ডেরিক পেরেইরার বাহিনী।

চলতি আইএসএলের মরশুমে প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে ৪-২ গোলে হেরেছিলো কেরালা ব্লাস্টার্স। ভুকোমানোভিচেরা হার দিয়ে অভিযান শুরু করলেও এরপর টানা আট ম্যাচে অপরাজিত রয়েছে তারা। কেরালা চলতি মরশুমে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই হার মেনেছে। শেষ আট ম্যাচের তিনটিতে জিতে এবং পাঁচটিতে ড্র করে লীগ টেবিলের ভালো জায়গায় রয়েছেন জেস্সাল কারনেইরা। অন্যদিকে টানা তিন ম্যাচে হার দিয়ে অভিযান শুরু করলেও মাঝের দিকে কিছুটা কামব্যাক করেছে গোয়া। গত ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে হারলেও এই ম্যাচে শক্তিশালী কেরালাকে আটকেছেন এডু বেডিয়ারা।

তিলক ময়দান স্টেডিয়ামে এদিন প্রথমার্ধেই দুই পক্ষ চারটি গোল করে ফেলে। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় অ্যাড্রিয়েন লুনার পাস থেকে গোল করে কেরালাকে এগিয়ে দেন জ্যাকসন সিং। ২০ মিনিটে আবার গোল পায় কেরালা। এবার স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো ভাজকেজের ক্রস থেকে গোয়ার জাল খুঁজে নেন উরুগুয়েন মিডফিল্ডার লুনা। মাত্র ২০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ব্লাস্টার্সরা। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি কারনেইরারা। ২৪ মিনিটেই স্প্যানিশ ফরোয়ার্ড জর্জ অর্তিজের গোলে ব্যবধান কমায় গোয়া। ৩৮ মিনিটে আর এক স্প্যানিশ ফরোয়ার্ড তথা দলের অধিনায়ক এডু বেডিয়ার গোলে সমতা ফিরে পায় ডেরিক পেরেইরার বাহিনী। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল আসেনি। ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলে ড্রয়ের মাধ্যমেই।

এই ম্যাচের শেষে আইএসএলের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট ভুকোমানোভিচদের। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এফসি গোয়া রয়েছে লীগ টেবিলের নবম স্থানে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মুম্বইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হায়দরাবাদ এফসি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in