IPL 2026: রিংকু সিংকে সহ অধিনায়ক ঘোষণা করল কেকেআর, দল নিয়ে কী বললেন অধিনায়ক অজিঙ্ক রাহানে?

People's Reporter: আজিঙ্কে রাহানে বলেন, ‘‌এবারের দলটা বেশ ভাল। অনেক প্রতিভাবান ক্রিকেটারে ভরা। গতবার আমাদের ফল ভাল হয়নি। এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সেই আক্ষেপ মেটাতে চাই।’‌
রিংকু সিং
রিংকু সিংফাইল ছবি
Published on

মঙ্গলবার রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হল 'কেকেআর আনপ্লাগড' অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই আইপিএল ২০২৬ মরশুমের জন্য সদ্য টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার রিংকু সিংয়ের নাম সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (‌কেকেআর)‌। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর-কে গত বারের মতো এবারও নেতৃত্ব দেবেন আজিঙ্কে রাহানে। তবে গত বারের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকে এ বার দলে রাখেনি কেকেআর। তাই নতুন সহ-অধিনায়ক কে হবেন, তা নিয়ে আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে। সমর্থকদের তুমুল জয়ধ্বনির মধ্যে গোটা কেকেআর দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে মঞ্চে তুলে এদিন পরিচয় করানো হয়।

রিংকু সিংকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া নিয়ে চিফ কোচ অভিষেক নায়ার বলেন, ‘‌এটাই সঠিক সময় রিংকুর বাড়তি দায়িত্ব নেওয়ার। কলকাতায় প্রথমবার এসে সাপোর্ট স্টাফের ভূমিকায় খুব কাছ থেকে রিংকুকে দেখেছিলাম। যতদিন গেছে ও নিজের খেলায় উন্নতি করেছে। দিনে দিনে একজন দুরন্ত ক্রিকেটার থেকে লিডার হয়ে উঠেছে। মাঠের ভেতর ও বাইরে ও দলকে উজ্জীবিত করে। দারুন ফিনিশার। গোটা দল ওর ওপর ভরসা রাখে। টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য রিংকু। তাই সহ অধিনায়ক হিসেবে আজিঙ্কে রাহানোর সঙ্গে ম্যাচে দায়িত্ব ভাগ করে নেওয়ার কাজটা রিংকু ভালই পারবে বলে মনে করি।’‌

২০২৩ মরশুমে গুজরাট টাইটানসের বিরুদ্ধে রিংকুর ব্যাট থেকে টানা ৫টি ছক্কা এসেছিল। সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে ‌কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে রিংকু বলেন, ‘আমি এই আস্থার মর্যাদা রাখতে জান লড়িয়ে দেব। দলের সাফল্য আনতে অধিনায়ক আজিঙ্কে রাহানের সঙ্গে কাজ করতে তৈরি। সমর্থকদের বলছি, পাশে থাকুন, এবার আইএসএল ট্রফি কেকেআরের ঘরেই আসবে।’‌

অধিনায়ক আজিঙ্কে রাহানের মুখেও রিংকুর প্রশংসা। তিনি বলেন, ‘‌রিংকুর মতো একজন ক্রিকেটারের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়ায় চাপটা অনেক কমে যাবে। প্রতি বছরই খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ভিন্ন চ্যালেঞ্জ সামনে আসে। এবারের দলটা বেশ ভাল। অনেক প্রতিভাবান ক্রিকেটারে ভরা। চোটের জন্য আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ বোলারকে মিস করব। তবে ওরা দলে আছে। পরে পাওয়া যেতেই পারে। সে যাই হোক, আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এবার মাঠে নামতে তৈরি। গতবার আমাদের ফল ভাল হয়নি। এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সেই আক্ষেপ মেটাতে চাই।’‌

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in