Catalina Channel Crossing: ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ক্যাটালিনা চ্যানেল পেরিয়ে আন্তর্জাতিক সাঁতারে নতুন নজির গড়লেন মেদিনীপুরের আফরিন জাবি। প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথ অতিক্রম করতে তাঁর সময় লেগেছে ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের সঙ্গে লড়াই করেই লক্ষ্যে পৌঁছান মেদিনীপুর সুইমিং ক্লাবের এই সাঁতারু।
ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সমুদ্রে নামেন আফরিন। দীর্ঘ ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে একটানা সাঁতার কাটার পর ভারতীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৩টা নাগাদ তাঁর ক্যাটালিনা চ্যানেল পার হওয়ার খবর মেলে। এই সাফল্যের কথা মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব চট্টোপাধ্যায় জানতে পারেন বৃহস্পতিবার সকালে।
ক্যাটালিনা চ্যানেল অতিক্রমের সময় সমুদ্রের জল ছিল প্রায় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে ছিল বিপরীতমুখী ঢেউ ও জোরালো বাতাস। প্রায় ০.৯ মিটার উচ্চতার ঢেউ এবং ঘণ্টায় ৮.২৮ কিলোমিটার গতির বাতাস আফরিনের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করে।
তবু নিজের লক্ষ্যে স্থির ছিলেন তিনি। অভিযানের প্রথম সাড়ে সাত ঘণ্টায় প্রায় ১৫.২ কিলোমিটার পথ অতিক্রম করেন আফরিন। এরপর বাকি পথও একই দৃঢ়তায় পাড়ি দেন। দীর্ঘ লড়াইয়ের শেষে ৩২ কিলোমিটারের সমুদ্রপথ সম্পূর্ণ করে ক্যাটালিনা চ্যানেল জয় করেন মেদিনীপুরের এই সাঁতারু।
আফরিনের ক্যাটালিনা অভিযান শুধু শারীরিক সক্ষমতার পরীক্ষা ছিল না, এর পিছনে ছিল আর্থিক লড়াইও। মেদিনীপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই সাঁতারুর সামনে একসময় অর্থের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিদেশে গিয়ে এই কঠিন অভিযান সম্পন্ন করার খরচ জোগাড় করা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
সেই পরিস্থিতিতে পাশে দাঁড়ায় মেদিনীপুরের একাধিক শিল্প সংস্থা। প্রশাসনের তরফেও সহযোগিতা পান আফরিন। জেলাশাসক এবং পুলিশ সুপারও তাঁর অভিযানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্থানীয় প্রশাসন, শিল্প সংস্থা এবং সাধারণ মানুষের সহযোগিতায় শেষ পর্যন্ত আমেরিকার উদ্দেশে পাড়ি দেওয়ার সুযোগ তৈরি হয়।
আন্তর্জাতিক জলপথে আফরিনের এটি প্রথম বড় সাফল্য নয়। ২০২৫ সালের ২৯ জুলাই ইংলিশ চ্যানেল অতিক্রম করে নজর কেড়েছিলেন তিনি। তার আগে শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে তামিলনাড়ুর ধনুষ্কোডি পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ পক প্রণালীও সাঁতরে পেরিয়েছিলেন আফরিন। সেই যাত্রা সম্পূর্ণ করতে তাঁর সময় লেগেছিল ৭ ঘণ্টা ৫ মিনিট।
এ বার ক্যালিফোর্নিয়ার Catalina Channel সফলভাবে পেরিয়ে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন আফরিন জাবি। তাঁর এই কৃতিত্বে আন্তর্জাতিক সাঁতারের মানচিত্রে আরও একবার উজ্জ্বল হয়ে উঠল মেদিনীপুরের নাম।
কোথায় এই ক্যাটালিনা চ্যানেল?
ক্যাটালিনা চ্যানেল আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রশান্ত মহাসাগরের একটি অংশ, যা ওপেন ওয়াটার সুইমিংয়ের ক্ষেত্রে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মূল ভূখণ্ড থেকে সান্তা ক্যাটালিনা দ্বীপকে পৃথককারী এক বিখ্যাত সামুদ্রিক প্রণালী হিসেবে এর পরিচিতি। সান্তা ক্যাটালিনা দ্বীপের অ্যারো পয়েন্ট (Arrow Point) থেকে মূল ভূখণ্ডের লং পয়েন্টের (Long Point) মধ্যে এর সবচেয়ে কম দূরত্ব ১৯.৬ মাইল বা প্রায় ৩১.৬ কিলোমিটার। তবে সাধারণ সাঁতারের রুটটি প্রায় ২০.২ মাইল বা ৩২.৩ কিলোমিটার।
ম্যারাথন সাঁতারের জগতে ক্যাটালিনা চ্যানেলকে অত্যন্ত মর্যাদাপূর্ণ মনে করা হয়। বিশ্বখ্যাত "ট্রিপল ক্রাউন অব ওপেন ওয়াটার সুইমিং" (Triple Crown of Open Water Swimming)-এর একটি অংশ ক্যাটালিনা চ্যানেল। ট্রিপল ক্রাউন সম্পূর্ণ করার জন্য একজন সাঁতারুকে যে তিনটি চ্যালেঞ্জ পার করতে হয় তার মধ্যে আছে
ইংলিশ চ্যানেল (ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝে), ম্যানহাটন দ্বীপ পরিক্রমা (নিউ ইয়র্ক) এবং ক্যাটালিনা চ্যানেল (ক্যালিফোর্নিয়া)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন