তরুণী ও পুত্রবধূদের ক্যামেরা যুক্ত মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! রাজস্থানের ১৫ গ্রামে ফতোয়া জারি

People's Reporter: পঞ্চায়েতের এই নির্দেশিকা ঘিরে বিরোধীদের আপত্তির জবাবে সুজনরাম বলেন, বাড়ির মহিলারা প্রায়শই তাদের মোবাইল ফোন শিশুদের হাতে তুলে দেন। তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না তরুণী এবং পুত্রবধূরা। রাজস্থানের জালোর জেলার ১৫টি গ্রাম জুড়ে এমনই নির্দেশিকা জারি করল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। আগামী ২৬ জানুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকরী হবে।

নির্দেশিকা অনুযায়ী, কোনো সামাজিক অনুষ্ঠানে বা প্রতিবেশীর বাড়িতেও ফোন নিয়ে যেতে পারবেন না তরুণী এবং পুত্রবধূরা। তবে, কি-প্যাড ফোন ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা নেই।

রবিবার জালোর জেলার গাজিপুর গ্রামে অনুষ্ঠিত চৌধুরী সম্প্রদায়ের একটি সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সভার সভাপতিত্ব করেন ১৪টি মহকুমার (পট্টি) সভাপতি সুজনরাম চৌধুরী।

সংবাদসংস্থা পিটিআই-কে সুজনরাম জানিয়েছেন, ‘পঞ্চ হিম্মতরাম’ (পাঁচ সদস্য)-র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত সদস্য এবং সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে ‘পঞ্চ হিম্মতরাম’। পুত্রবধূ এবং তরুণীরা শুধুমাত্র কথা বলার জন্য কিপ্যাড ফোন ব্যবহার করতে পারবেন। কোনও পরিস্থিতিতে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না তারা।

তিনি আরও জানান, স্কুল-পড়ুয়া যে সমস্ত মেয়েদের পড়াশোনার জন্য ফোনের প্রয়োজন, তারা কেবল বাড়িতেই তা ব্যবহার করতে পারবে। ফোন নিয়ে কোনও সামাজিক অনুষ্ঠান, বিয়ে এমনকি প্রতিবেশীর বাড়িতে যেতে পারবে না তারা।

পঞ্চায়েতের এই নির্দেশিকা ঘিরে বিরোধীদের আপত্তির জবাবে সুজনরাম বলেন, বাড়ির মহিলারা প্রায়শই তাদের মোবাইল ফোন শিশুদের হাতে তুলে দেন, যাতে তারা নিজেদের দৈনন্দিন কাজে মনোযোগ দিতে পারেন। এটি শিশুদের দৃষ্টিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতা এবং মানুষের দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণে স্থানীয় সংস্থাগুলোর ক্ষমতার পরিধি এবং প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে পঞ্চায়েতের দাবি, এই পদক্ষেপটি সম্প্রদায়ের মধ্যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।

প্রতীকী ছবি
Karnataka: প্রতিদিন ২ ঘণ্টার জন্য বন্ধ মোবাইল, টিভি, ল্যাপটপ - কর্ণাটকের গ্রামে অভিনব ডিজিটাল ডিটক্স

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in