

আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ – রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যাতেও কলকাতা সহ রাজ্যের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রয়েছে একটি অক্ষরেখাও। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
রবিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার এবং সোমবার ঝড় এবং হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। আজ, কাল এবং পরশু শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। শুক্রবার ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। চলবে মঙ্গলবার পর্যন্ত।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন