বসন্তের শুরুতেই সাগরে নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, ৪ জেলায় সতর্কতা জারি
বসন্তের শুরুতেই রাজ্যে একধাক্কায় তাপমাত্রা বেড়েছে অনেকটা। আরও বাড়বে গরম। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ বঙ্গোপসাগরে ফের মাথা চাড়া দিচ্ছে নিম্নচাপ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা -এই দুইয়ের প্রভাবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
মঙ্গলবার এই জেলাগুলো ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়ায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি রবিবার সন্ধ্যার মধ্যেই শক্তি সঞ্চয় করতে পারে। ২৩ ও ২৪ ফেরুয়ারি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

