

মানবিকতার অনন্য নজির গড়লেন সিপিআইএম প্রার্থী সবুজ দাস। নদিয়ার কল্যাণী থেকে লড়ছেন তিনি। রোগীর 'O' নেগেটিভ রক্ত লাগবে শুনে, প্রচারের মাঝেই রক্ত দিতে ব্লাড ব্যাঙ্কে ছুটলেন প্রার্থী। অনেকের মতে, একদিকে যেমন তৃণমূল-বিজেপির প্রার্থীরা প্রচারে বেরিয়ে কেউ ঘুঁটে দিয়ে দিচ্ছেন, দাড়ি কামিয়ে দিচ্ছেন, রুটি বেলে দিচ্ছেন বা ঘরের অন্যান্য কাজ করে দিয়ে নিজেদের হাসির খোরাক করে তুলছেন, সেখানে সিপিআইএম প্রার্থীর এমন মানবিক উদ্যোগ সত্যিই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
আর এক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। অন্যান্য প্রার্থীদের মতো চুটিয়ে প্রচার সারছেন কল্যাণীর সিপিআইএম প্রার্থী সবুজ দাস। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন। সেরকমই শনিবার সন্ধ্যায় প্রচার করার সময় তিনি খবর পান এক রোগীর "O" নেগেটিভ রক্তের জরুরী প্রয়োজন। খবর পেয়েই প্রচার ফেলে কল্যাণী জেএনএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ছুটে যান তিনি। সেখানে এক ইউনিট রক্তদান করে ফের প্রচারে যোগ দেন।
সিপিআইএম-এর তরুণ মুখ সবুজ দাস এলাকায় যথেষ্ট পরিচিত। করানোর সময় রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন। সারাবছরই এই ধরণের কাজের সাথে যুক্ত থাকেন তিনি। তাঁর কথায়, এই ধরণের কাজ তিনি সারাবছর করেন। ভোটের মুখে রক্তদান করে তাঁকে মানুষের পাশে থাকার প্রমাণ দিতে হবে না।
সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “রক্তদানের সঙ্গে ভোট প্রচারের কোনও সম্পর্ক নেই। সারাবছরই এই ধরণের কাজের সঙ্গে আমি যুক্ত থাকি। যখন যে যেভাবে ডেকেছেন, আমি হাজির হয়েছি। বছরে আমি ৩ বার রক্ত দেওয়ার চেষ্টা করি। মানুষের পাশে থাকার জন্য রক্তদান করে আমায় প্রমাণ দিতে হবে না।“
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বাঁচলে সবাই মিলে একসঙ্গে বাঁচব। মরলে সবাই মিলে একসঙ্গে মরব। ভোট মিটে গেলেও, যে কোনও বিষয়ে আমায় পাবেন। প্রশাসন, সরকার আমাদের হাতে নেই। কিন্তু আমরা সমস্ত শক্তি দিয়ে সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি।“
সবুজ দাসের এই ‘কীর্তি’ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। নেটিজেনরা প্রশংসা কুড়িয়েছেন তিনি। সবুজ দাসের মতো ব্যাক্তিদেরই রাজনীতিতে প্রয়োজন বলে মনে করছেন অনেকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন