

বৃহস্পতিবার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালেই প্রচারে নেমে বিতর্কে জড়ালেন তিনি। নির্বাচনী প্রচারে টাকা বিলি করার অভিযোগ উঠল বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের বিরুদ্ধে। একটি 'লাইভ ভিডিও' ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তির হাতে টাকা গুঁজে দিচ্ছেন বিজেপি প্রার্থী। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস্ রিপোর্টার)। এই ভিডিও ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত বর্ধমানের রাজনীতি।
শুক্রবার সকালে বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। রূপম সিং নামের এক স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর সেই প্রচার 'লাইভ' করেন। রূপমের সাথে ‘ক্ষ্যাপাদা’ নামের এক ব্যক্তিও ছিলেন। বিজেপি প্রার্থী এসে ‘ক্ষ্যাপাদা’র সাথে কথা বলতে শুরু করেন। সেইসময় গেরুয়া পাঞ্জাবি পরা এক ব্যক্তি বিজেপি প্রার্থীর হাতে কিছু একটা দেন এবং প্রার্থী তা ‘ক্ষ্যাপাদা’র হাতে গুঁজে দেন। ভিডিও দেখে অনুমান করা যাচ্ছে, গেরুয়া পাঞ্জাবি পরা ব্যক্তি বিজেপি প্রার্থীর হাতে ১০০ টাকার নোট দিয়েছেন।
মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় বিতর্ক। কমেন্ট সেকশনে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। যেমন অংশু অধিকারী নামের একজন কমেন্টে লিখেছেন, “সুন্দর। প্রকাশ্যে তো টাকা দিলেন ক্ষ্যাপাদাকে। এটা কী নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে না? একটা লোককে প্রকাশ্যে টাকা দিচ্ছেন মদ খেতে। ক্যামেরায় সব দেখা গিয়েছে।”
বিতর্ক শুরু হতেই এই নিয়ে মুখ খোলেন বিজেপি প্রার্থী। তাঁর সাফাই, তিনি ‘ক্ষ্যাপাদা’কে মন্দিরে পুজো দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন। তিনি বলেন, "সর্বমঙ্গলা মন্দিরে দলের কর্মীদের সঙ্গে নিয়ে পুজো দিতে গিয়েছিলাম। সেখানে ক্ষ্যাপাদা নিজে এসে কথা বলে। তিনি সর্বমঙ্গলা মায়ের কাছে সকলের কল্যাণ কামনায় পুজো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁকে পুজোর খরচ বাবদ সাহায্যের কারণেই কিছু অর্থ দেওয়া হয়েছে।"
তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "তৃণমূল সব বিষয়েই খুঁত দেখতে পায়। নিজেদের মানসিকতার কারণেই তাঁরা এই ধরনের মন্তব্য করেছেন। সকলকে নিয়ে ভাবার অভ্যাস তাদের নেই।"
তবে বিজেপি প্রার্থীর এই সাফাই মানতে নারাজ তৃণমূল। তারা এই বিষয়ে কমিশনের কাছে নালিশ জানাবে বলে জানা গেছে। তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "বিজেপি সব কিছুই টাকার বিনিময়ে অর্জন করার চেষ্টা করে। নির্বাচন বিধি লাগু হওয়ার পর বিজেপি প্রার্থীর এই ধরনের আচরণের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূলের তরফে এই বিষয়ে অভিযোগ জানানো হবে।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন