রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভোট ঘোষণার আগেই বড় পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের
এখনও বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রাথমিক ভাবে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে। এই মর্মে রাজ্য প্রশাসনকে চিঠিও পাঠানো হয়েছে।
রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি অনুযায়ী, প্রথম দফায় ১ মার্চ আসবে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে রয়েছে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ।
বাকি ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে ১০ মার্চ। এর মধ্যে রয়েছে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি সিআইএসএফ। উপদ্রুত এলাকাগুলিতে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী।
রাজ্য জুড়ে চলছে SIR-এর (Special Intensive Revision) কাজ। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তারপর দিন থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় কয়েক লক্ষ নাম বাদ পড়বে। এর জেরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। কোনও ঝুঁকি নিতে চাইছে না কমিশন। তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
আর কয়েক মাস পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতেও নির্বাচন হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

