

সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হল কেজি কেজি সোনার গহনা। যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এই বিপুল পরিমাণ সোনা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের।
গত ৮ জুন তোলাবাজির অভিযোগে বিধাননগরের প্রাক্তন মেয়র তথা দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপর থেকে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেরকমই সোমবার গভীর রাতে পুলিশ হানা দিয়েছিল নদীয়ার করিমপুরে। সেখানে কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়।
রাতভর তল্লাশি চালিয়ে টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। তোলাবাজির কালো টাকা দিয়ে এই সোনা কেনা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।
এই টিনা রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত। তোলাবাজি সংক্রান্ত মামলায় এর আগে টিনাকে তলব করেছিল পুলিশ। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ টিনার বাড়ি পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ এবং করিমপুর থানার পুলিশের দল। উপস্থিত ছিলেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তও।
টিনার বাবার একটি কাপড়ের দোকান রয়েছে। বাড়ি থেকে বিপুল সোনা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এগুলি সব তাঁদের পারিবারিক গয়না। এর মধ্যে তাঁর মেয়ের কিছু গয়না থাকলেও থাকতে পারে। তবে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি টিনা ভৌমিক সাহা।
স্থানীয় এক বিজেপি নেতা জানিয়েছেন, নদিয়ার নাজিরপুর এলাকা জুড়ে বিপুল সম্পত্তি রয়েছে টিনা সাহার। এমনকি কলকাতাতেও চারটি ফ্ল্যাট আছে।
উল্লেখ্য, এর আগে সব্যসাচী দত্তর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ। সব্যসাচী এবং তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এই অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন