PM Modi at Brigade: বাংলায় মহা-জঙ্গলরাজ খতম হবে, সবকিছুর হিসাব হবে - মোদীর ব্রিগেড হুঙ্কার

People's Reporter: মোদী বলেন, বিজেপি সরকার তৈরি হওয়ার পরে সকলের উন্নয়ন হবে এক দিকে, অন্য দিকে সব কিছুর হিসাব হবে। তৃণমূলের গুন্ডারা, যারা আপনাদের ভয় দেখায়, তাদের খারাপ দিন আসছে।
ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীছবি সংগৃহীত
Published on

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে ব্রিগেডে এসে সমাবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চ থেকে একের পর এক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে গেছেন তিনি। এ বার পশ্চিমবঙ্গে সরকার বদল কেউ রুখতে পারবে না বলে জোর গলায় দাবি করেছেন তিনি। আগত পরিবর্তনের জন্য বঙ্গবাসীকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

ভাষণের শুরুতেই তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “এ বার বাংলায় মহা-জঙ্গলরাজ খতম হবে। বাংলার প্রত্যেক কোণ থেকে আওয়াজ উঠছে, ‘চাই বিজেপি সরকার’। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সে দিন আর দূরে নেই। এ বার আইনের শাসন শুরু হবে। যে আইন ভাঙবে, তাকে খুঁজে বার করা হবে।‘’

আজ ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, বাংলায় বিজেপির সরকার নেই। তা-ও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়ন করছে বিজেপি। বাংলায় বিজেপি এলে নবনির্মাণ করা হবে।

তিনি বলেন, ‘’একসময় এই বাংলা সকলের আগে ছিল। আজ এখানকার যুবক-যুবতী না এখান থেকে ডিগ্রি পাচ্ছেন, না চাকরি। তাঁদের ভিন্‌রাজ্যে চলে যেতে হচ্ছে। প্রথমে কংগ্রেস, তার পর বাম এবং তৃণমূল... এরা একে একে এসেছে। নিজেদের পকেট ভরেছে। উন্নয়ন থমকে আছে। তৃণমূল সরকার তো প্রকাশ্যে চাকরি বিক্রি করেছে।‘’

“এখানে অপরাধীদের বাঁচানোর পূর্ণ চেষ্টা করা হয়। সন্দেশখালি, আরজি কর কাণ্ড মানুষ ভোলেনি। মেয়েদের বলতে হয়, বাড়ি ফিরে এসো সন্ধ্যা নামার আগে। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতি বদলে যাবে। বাংলার যুবক-যুবতীরা এ বার বাংলায় কাজ পাবেন। গরিবদের পাকা বাড়ি বানানো শুরু হবে। প্রত্যেক বাড়িতে পরিশুদ্ধ জল যাবে। এটাই মোদীর গ্যারান্টি“, বলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “এখানে খোলাখুলি ধমক দেওয়া হচ্ছে যে একটি বিশেষ সম্প্রদায় আপনাদের খতম করে দেবে। সাংবিধানের কুর্সিতে বসে এমন কথা আপনার মুখে শোভা পায় না। ধমকানোই আপনার রাজনীতি। আমি তৃণমূলকে মনে করাচ্ছি, ওদের গুন্ডামির দিন এ বার শেষ হওয়ার মুখে। বিজেপি সরকার তৈরি হওয়ার পরে সকলের উন্নয়ন হবে এক দিকে, অন্য দিকে সব কিছুর হিসাব হবে। তৃণমূলের গুন্ডারা, যারা আপনাদের ভয় দেখায়, তাদের খারাপ দিন আসছে। অপরাধীদের একটাই জায়গা জেল... জেল।‘’

রাষ্ট্রপতিকে ‘অপমানের’ প্রসঙ্গ তুলে মোদী বলেন, “ওঁরা শুধু রাষ্ট্রপতিকে অপমান করেননি। ওঁরা আদিবাসীদের অপমান করেছেন। কোটি কোটি মহিলাকে অপমান করেছেন। দেশের সর্বোচ্চ পদের গরিমাকে খাটো করেছেন। ওঁরা সংবিধানের অপমান করেছেন। বাবাসাহেব অম্বেডকরকে অপমান করেছেন। এর সাজা নির্মম সরকার পাবে।… যে সংস্থা স্বতন্ত্র এবং নিরপেক্ষ ভাবে ভোট করায়, তাদের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলে ওঁরা।“

তিনি বলেন, “এ বারের ভোট সরকার বদলের নয়, বাংলার আত্মাকে বাঁচানোর। ব্যবস্থা বদলের নির্বাচন, কাটমানি থেকে, ভয় থেকে মুক্তির নির্বাচন। আগত পরিবর্তনের জন্য সকলকে আগাম শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের জনগণের জয় হোক।“

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
CPIM: গ্যাসের সংকট তীব্র, কালোবাজারি বন্ধ করে গরিব মানুষের স্বার্থ সুরক্ষিত করুন - মোদীকে চিঠি বেবীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in