

জেলমুক্তির পর পশ্চিমবঙ্গ বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ প্রায় তিন বছর তিন মাস জেলবন্দি থাকার পর গত নভেম্বর মাসে জামিনে মুক্ত হয়েছেন বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। ফের পরিষদীয় কাজে যুক্ত হলেন তিনি।
মঙ্গলবার বিধানসভা থেকে প্রকাশিত বুলেটিনে পার্থ চট্টোপাধ্যায়ের অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, তাঁকে বিধানসভার গ্রন্থাগার কমিটি, অবাসন ও অগ্নিনির্বাপণ জরুরি পরিষেবা কমিটি এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটিতে সদস্য করা হয়েছে।
২০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেইসময় তিনি রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন। গত ১১ নভেম্বর জেল থেকে মুক্তি পান তিনি। মুক্তির পরেই প্রকাশ্যে তিনি জানিয়েছিলেন, তিনি বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে বক্তৃতা করতে চান। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেন বিষয়টি জানিয়ে।
এই নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''কেষ্ট মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন, তাঁর প্রোমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, নিরাপত্তা বেড়েছে। এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাঁকে সসম্মানে-মর্যাদা দেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় ভোটে লড়লেও আমরা আশ্চর্য হব না। পার্থ চট্টোপাধ্যায়ের পদোন্নতি হলেও আমরা আশ্চর্য হব না।''
তৃণমূল নেতা কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, ''পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় কোন স্ট্যান্ডিং কমিটিতে কী পাবেন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এনিয়ে দলীয় কোনও মন্তব্য কোনও অবস্থায় করব না।''
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন