নিট প্রশ্ন ফাঁস কান্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ২৪ জুলাই কলকাতায় বাম ছাত্র সংগঠনের ডাকা মিছিলের দিন হাঙ্গামার ঘটনায় আটক ১৬ জনকেই জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। এদিনের সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই রাজ্যের আদালতেও তার প্রভাব পড়লো। ফলে আগের রায় বাতিল করে ফের নতুন রায়ে ধৃতদের জামিন মঞ্জুর করলো আদালত। প্রত্যেককে ব্যক্তিগত ৫০০ টাকার বন্ডে আটকদের জামিন মঞ্জুর হয়েছে।
মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে পুলিশের তরফে তাদের হেফাজত বাড়ানোর আবেদন করা হয়। এরপরেই আদালতের পক্ষ থেকে আটকদের আগামী ৩০ তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও এর পরেই এদিনের সুপ্রিম কোর্টের নির্দেশ এসে পৌঁছায়। ধৃতদের আইনজীবীর পক্ষ থেকে বিষয়টি উল্লেখ করে আবেদন জানানো হয়। এরপরেই জেল হেফাজতের নির্দেশ বদলে ধৃতদের জামিন মঞ্জুর করেন বিচারক।
গত ২৪ জুলাই মিছিলের শেষ পর্বে ডোরিনা ক্রসিং সংলগ্ন অঞ্চলে বেশ কিছু হাঙ্গামা হয়। কিছু সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করেও জলের বোতল, জুতো ছোড়া হয়। সেই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ জুলাই তাদের আদালতে তোলা হলে ধৃতদের দু’দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গত, সোমবার সিজেপি আন্দোলনে পুলিশি ভূমিকা প্রসঙ্গে মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, যেসব আন্দোলনকারীদের বয়স ১৮ বছরের নিচে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। যাঁদের অতীতে কোনও অপরাধের নজির নেই তাদেরও মুক্তি দিতে হবে। এছাড়াও আদালত জানায় প্রতিবাদীদের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর দায়ের করা হয়েছে তার ভিত্তিতে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ভিত্তিতে কলকাতায় বিচারকের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপর সরকার পক্ষের আইনজীবীরাও জামিনের বিরোধিতা করেননি।
বিচারক জানতে চান, ধৃত ১৬ জনের কারোর বিরুদ্ধে অতীত অপরাধের নজির আছে কিনা। জানানো হয় ১৬ জনের মধ্যে ৫ জনের অতীত অপরাধের রেকর্ড আছে। যদিও এই পাঁচ জনকে আদালত দোষী সাব্যস্ত করেনি। এরপরেই ১৬ জনেরই জামিন মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন