মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিছবি - মমতা ব্যানার্জির ফেসবুক পেজ

কত টাকায় সরকারি জমি বেচে দিচ্ছেন? - প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে আমলা থেকে মন্ত্রীরা

People's Reporter: বিধাননগর পুরনিগমের কাউন্সিলররা কাজ করছেন না বলে অভিযোগ করেন মমতা ব্যানার্জি। সরকারি জমিও দখল হয়ে যাওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।
Published on

রাজ্যের পুরসভাগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠকে মন্ত্রী-আমলাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বিধাননগরে সরকারি জমি দখলের কারণে দায়ী করলেন তিনি। হাওড়া পুরসভা নিয়েও রীতিমতো বিরক্ত হন মুখ্যমন্ত্রী।

সোমবার নবান্নের সভাঘরে তাহেরপুর পুরসভা এবং ঝালদা পুরসভা বাদে রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই দুটি পুরসভা বিরোধী পরিচালিত। তাহেরপুর বামেদের দখলে এবং ঝালদা কংগ্রেসের দখলে। পুরসভাগুলি সাধারণ মানুষকে ঠিক মতো পরিষেবা প্রদান করছে কিনা, সমস্ত সরকারি নিয়ম মানছে কিনা তা পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকে ছিলেন মমতা ব্যানার্জি। সেই বৈঠকেই সুজিত বসু, গৌতম দেব সহ তৃণমূলের একাধিক বিধায়ক, কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিধাননগর পুরনিগমের কাউন্সিলররা কাজ করছেন না বলে অভিযোগ করেন মমতা ব্যানার্জি। সরকারি জমিও দখল হয়ে যাওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "রাজারহাটে কম্পিটিশন করে ইচ্ছামতো সুজিত বোস লোক বসাচ্ছে। কেন বাইরের লোক বসবে? কত টাকার বিনিয়মে? কারা টাকা নিয়েছে? আমি জানতে চাই। কেন বিধাননগর পুরনিগমের কাউন্সিলররা কাজ করেন না? রাস্তা ঝাঁট দেয় না। এবার কি আমাকে রাস্তা ঝাঁট দিতে বেরোতে হবে?"

তিনি আরও বলেন, "একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। আপনাদের টাকা খাওয়ার জন্য বাংলার পরিচিতি নষ্ট হয়ে যাচ্ছে। জমি পেলেই রাজ্য সরকারের জমি বেচে দিচ্ছেন। যেখানে পারছেন দখল করছেন। মিউনিসিপ্যালিটিগুলি খুব বাজে কাজ করছে।"

হাওড়া পুরসভার ভূমিকাতেও অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এখানে জঞ্জাল পরিষ্কার হয় না। রথীন চক্রবর্তী হাওড়াটাকে একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে। সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। পুলিশ বসে বসে দেখছে। এমন অনেক রাস্তা রয়েছে যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। রাস্তায় নোংরা পড়ে আছে কিন্তু দেখার কোনও লোক নেই।"

কলকাতার হাতিবাগান মার্কেট এবং গড়িয়াহাট নিয়েও কলকাতা পুরসভাকে সতর্ক করেছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, হাতিবাগানে কখনও তাকিয়ে দেখেছেন? কী অবস্থা ওখানে। গড়িয়াহাটেও দেখলাম। লাল-কালো প্লাস্টিক লাগিয়ে সবাই বসে পড়েছে। আমি কাউকে ব্যবসা করতে বাধা দিচ্ছি না। কিন্তু সবকিছুর একটা সিস্টেম আছে।

এই বৈঠকের পরই পুর কমিশনার পদে রদবদল করলেন মুখ্যমন্ত্রী। বৈঠক চলাকালীনই তিনি বলেছিলেন, "বিনোদ কুমার ফের পুর সচিব পদে ফিরছেন। এখন সঞ্জয় বনসল রয়েছেন।" বৈঠকের পরই বিনোদ কুমারের পুর সচিব পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

মমতা ব্যানার্জি
প্রথম দিনেই ক্র্যাশ কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল! সমস্যা রুখতে হেল্পডেস্ক চালু SFI-এর
মমতা ব্যানার্জি
Abhijit Mukherjee: তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরতে চান প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in