

আজ সোমবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আজকের পর পরীক্ষা ৩, ৬, ৭, ৯, ১০ এবং ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। প্রশ্নপত্র দেওয়া হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
এবারের মাধ্যমিক পরীক্ষায় বসছেন ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। যাঁদের মধ্যে এ বছরেও ছাত্রদের তুলনায় ছাত্রীসংখ্যা বেশি। এ বছর ছাত্রসংখ্যা ৪,২৬,৭৩৩ জন এবং ছাত্রী সংখ্যা ৫,৪৪,৬০৬ জন। একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী এবছরের পরীক্ষায় বসছেন। রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি পরীক্ষা কেন্দ্রে এবছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা শুরুর আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কোনও অসুবিধা হলে সহায়তা করার জন্য পুলিশের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হেল্পলাইন নাম্বার – ৯৪৩২৬ ১০০৩৯। এর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। যার নম্বর ০৩৩ ২৩২১ ৩৮১৩।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনও সমস্যায় পড়ে, সেক্ষেত্রে এই হেল্পলাইন নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারে। পুলিশকর্মীরা সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। শহরের বিভিন্ন রাস্তায় রাখা হচ্ছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স।
কলকাতা পুলিশের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার সময় পরিবহণ পরিষেবায় জোর দিয়েছে রাজ্য সরকারও। পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যা দূর করতে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় পরীক্ষার ক’দিন ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন