বকেয়া ডিএ অবিলম্বে মেটানোর দাবিতে আগামী ১৩ মার্চ ধর্মঘটের ডাক দিল রাজ্য সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার ধর্মতলায় আন্দোলন মঞ্চ থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ। তাদের দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।
দুই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের সরকার দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বকেয়া রেখেছে। সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে স্পষ্ট জানিয়েছে, মহার্ঘ ভাতা আইনত বলবৎযোগ্য, ন্যায্য অধিকার। সর্বভারতীয় ভোগ্য পণ্যের মূল্যসূচক মেনে কর্মীদের মহার্ঘ ভাতা দিতে হবে।
বকেয়া ডিএ অবিলম্বে মেটানোর দাবিতে এদিন ধর্মতলা থেকে মিছিল করে কালীঘাট চলো অভিযানের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ মঞ্চ। ইন্ডিয়ান মিউজিয়ামের সামনেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। আন্দোলনকারীরা রাস্তায় বসে দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ চালান। মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে অবস্থান মঞ্চে এসে কথা বলার দাবিও জানানো হয়।
এদিন বিক্ষোভ মঞ্চ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সরকার দাবি না মানলে বিধানসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের দুর্নীতির প্রচার করা হবে।
যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা মিটিয়ে দেবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের সেই নির্দেশ মানা হচ্ছে না।
অতীতে বামফ্রন্ট সরকারের আমলে গঠিত পঞ্চম বেতন কমিশনের সুপারিশে বলা হয়েছিল, প্রতি আর্থিক বছরে দু’বার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য।
আন্দোলনরত কর্মচারীদের বক্তব্য, রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের ষষ্ঠ বেতন কমিশন মহার্ঘ ভাতা সম্পর্কে সম্পূর্ণ উল্টো কথা বলছে। ষষ্ঠ বেতন কমিশনের অভিমত, মহার্ঘ ভাতা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছাধীন। এক্ষেত্রে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
গত ৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ১০০ শতাংশই রাজ্যকে মিটিয়ে দিতে হবে। তবে ২৫ শতাংশ মার্চের মধ্যেই মিটিয়ে দিতে হবে।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, দুই কিস্তিতে এই টাকা মেটাবে রাজ্য। ৬ মার্চের মধ্যে প্রথম কিস্তি এবং ৩১ মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তি দেবে।
বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন হবে। মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দেওয়ার পর আরও ৭৫ শতাংশ বাকি থাকবে। সেই বকেয়া নিয়ে ওই চার সদস্যের কমিটি সিদ্ধান্ত নেবে। কী ভাবে, কতগুলি কিস্তিতে বকেয়া দিতে হবে রাজ্যকে, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, রোপা রুল নিয়ম অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন