

প্রতীক-উর রহমানকে দল থেকে বহিষ্কার করলো সিপিআইএম। শনিবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিকদের সামনে একথা জানিয়েছেন। প্রতীক-উরের তৃণমূলে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিপিআইএম। পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারার ১৩ নম্বর উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে তাঁকে।
মহম্মদ সেলিম জানিয়েছেন, ''শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য প্রতীক-উর রহমানকে আমরা বহিষ্কার করছি। রাজ্য সম্পাদকমণ্ডলী এই সিদ্ধান্ত নিয়েছে।''
গতকালের মতো আজও প্রতীক-উর প্রসঙ্গে বলতে গিয়ে আবেগী হয়ে পড়েন সেলিম। প্রতীক-উরের ভালো চেয়ে তিনি বলেন, “যে পথ সে বেছে নিয়েছে, সেই পথে সাফল্যের শিখরে উঠুক। ভাল থাকুক।“
শনিবার বিকেলেই আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকতে দেখা যায় প্রতীক-উরকে। এখানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভার শীর্ষ তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এই দলীয় কার্যালয়েই অভিষেক ব্যানার্জির সামনেই তৃণমূলে যোগ দেন প্রতীক-উর। এই খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরই তাঁকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
বৈঠকের পর কার্যালয়ের বাইরে এসে প্রতীক-উরকে পাশে নিয়ে একটি প্রেস মিট করেন অভিষেক ব্যানার্জি। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন প্রতীক-উর।
এ দিন তৃণমূলে যোগদানের পরে প্রতীক-উর বলেন, ‘আমার মনে হয়েছে, এই সময়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, বিজেপিকে আটকানোর জন্যে যে ভাবে গোটা দেশে মানুষের কণ্ঠরোধ হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সবথেকে বড় শক্তি হলো তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি।’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন