ঘোষিত হল পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরি বিধানসভা ভোটের তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন। ৫ রাজ্যে মোট ভোটার ১৭ কোটি ৪০ লক্ষ। ৫ রাজ্যে মোট বিধানসভা আসন ৮২৪। নির্বাচন ঘোষণার পরেই জারি হয়ে গেল নির্বাচনী আচরণবিধি।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।
পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে দু’দফায়। ১৫২ আসনে ২৩ এপ্রিল এবং ১৪২ আসনে ২৯ এপ্রিল।
কেরালায় ভোট হবে একদফায়, ৯ এপ্রিল।
তামিলনাড়ুতে ভোট হবে একদফায় ২৩ এপ্রিল।
আসামে ভোট হবে একদফায় ৯ এপ্রিল।
পুদুচেরিতে ভোট হবে একদফায় ৯ এপ্রিল।
সব রাজ্যে ভোট গণনা ৪ মে, শনিবার।
নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে ইসিআই ডট নেট (eci.net) অ্যাপে। প্রতি দু’ঘণ্টায় ভোটের হার প্রকাশ করা হবে। এবার ১০০ শতাংশ বুথেই ওয়েবকাস্টিং করা হবে।
পাঁচ রাজ্যের ভোটের জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিযুক্ত করছে কমিশন। প্রায় সাড়ে ৮ লক্ষ নিরাপত্তাকর্মী থাকবে। এছাড়াও ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজ়ার্ভার, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার থাকবে। গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হবে।
কোন কোন রাজ্যে ভোট
পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য যেসব রাজ্যে ভোট হবে তার মধ্যে আছে তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরি। এই পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে, তামিলনাড়ুর ১০ মে, আসামের ২০ মে, কেরালার ২৩ মে এবং পুদুচেরির ১৫ জুন।
কোন রাজ্যে কত আসন?
আসনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের বিধানসভায় আসনসংখ্যা সবথেকে বেশি। রাজ্যে ভোট হবে ২৯৪ আসনে। আসন সংখ্যার বিচারে এরপরেই স্থান তামিলনাড়ুর, সেখানে বিধানসভার মোট আসন ২৩৪। কেরালার বিধানসভা আসন ১৪০। আসামের বিধানসভা আসন ১২৬ এবং পুদুচেরির বিধানসভা আসন ৩০।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন