

রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে ৩০ দিনের জন্য ছাড় দিল আমেরিকা। তবে কেবল যুদ্ধ পরিস্থিতিতে সমুদ্রে আটকে থাকা তেলের ট্যাঙ্কার বা জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এটি। তাদের কাছ থেকেই তেল কিনতে পারবে ভারত। আমেরিকা ভারতকে এই ছাড়পত্র দিতেই ভারতের বিদেশ-নীতির কড়া সমালোচনা করলেন বিরোধীরা।
নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা রাহুল গান্ধী লেখেন, ‘’ভারতের বিদেশনীতি আমাদের দেশের জনগণের সম্মিলিত ইচ্ছাশক্তি থেকে উদ্ভূত হওয়া উচিত। এটি আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, সত্য ও অহিংসার উপর ভিত্তি করে গড়ে ওঠা আমাদের আধ্যাত্মিক নীতির মধ্যেই নিহিত থাকা উচিত। আমরা আজ যা দেখছি তা কোনও নীতি নয়। তা কেবল এক সমঝোতাপূর্ণ ব্যক্তিকে শোষণের ফলাফল।‘’
কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তোলেন, ‘’ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিজেপি সরকারের আমলে সমঝোতার মুখে। ভারত কার থেকে তেল কিনবে, তা নিয়ে আমেরিকার অনুমতির কী দরকার?’’
কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি আমেরিকার এই ঘোষণাকে “নব্য-ঔপনিবেশিক ঔদ্ধত্য” বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, আমেরিকা ৩০ দিনের জন্য একটি বিশেষ ছাড় দিয়েছে, যাতে ভারত রাশিয়ার তেল কিনতে পারে। ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ সঙ্গী। ইরানের জন্য বিশ্বের জ্বালানির বাজার রুদ্ধ হতে চলেছে। তাই ওই চাপ কমানোর জন্যই এই সাময়িক উদ্যোগ।
তিনি আরও জানিয়েছেন, এই সিদ্ধান্ত রাশিয়াকে বড় আর্থিক সুবিধা দেবে না। কারণ এটি কেবল যুদ্ধ পরিস্থিতিতে সমুদ্রে আটকে থাকা জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য।
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে ১৫% বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও আরোপ করেছিলেন ট্রাম্প। পরে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ভারতের উপর থাকা বাড়তি ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করে নেন তিনি। সেইসময়ও ভারতের বিদেশনীতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছিলেন বিরোধীরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন