নিখুঁত চিত্রনাট্যে আরও একবার ভাঙন ধরানো হল শিবসেনা উদ্ধব গোষ্ঠীতে। এখনও পর্যন্ত শিবসেনা (ইউবিটি)-র ৬ জন সাংসদ দিল্লি গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেছেন এবং তাদের জন্য আলাদা ব্লক তৈরির দাবি জানিয়েছেন। গত কয়েকদিন থেকেই শিবসেনা উদ্ধব গোষ্ঠীতে ভাঙন এবং ‘অপারেশান টাইগার’-এর যে জল্পনা চলছিল তাতে আজ সিলমোহর পড়লো। আর তার সঙ্গে সঙ্গেই আরও একবার ফিরে এল রিসর্ট রাজনীতি। শিবির বদলানো ৬ সাংসদকেই আপাতত জয়পুরের এক অজানা ঠিকানায় নিয়ে যাওয়া হয়েছে।
যে ৬ জন সাংসদ শিবির বদলেছেন তাঁরা হলেন ওমরাজে নিম্বালকর, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, সঞ্জয় দিনা পাটিল, নাগেশ পাটিল আস্টিকর এবং ভাউসাহেব ওকচৌরে। উল্লেখযোগ্যভাবে গত রবিবার ১৪ জুন উদ্ধব ঠাকরে মাতোশ্রী-তে দলীয় সাংসদদের যে বৈঠক ডেকেছিলেন তাতে যে চার সাংসদ সশরীরে উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন সঞ্জয় দিনা পাটিল। বাকি পাঁচ জন ওইদিনের বৈঠকে বিভিন্ন কারণ দেখিয়ে সশরীরে উপস্থিত হননি। এদের সকলের জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
গত এপ্রিল মাস থেকেই শিবসেনা (ইউবিটি) গোষ্ঠীর সাংসদদের ভাঙাতে তৎপর হয়েছে শিন্ধে গোষ্ঠী। এপ্রিল মাসেও একনাথ শিন্ধের সঙ্গে শিবসেনা (ইউবিটি)-র ৮ সাংসদের এক বৈঠকের খবর পাওয়া গেছিল। যদিও উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ সাংসদ অরবিন্দ সাওয়ন্ত সেই বৈঠকের কথা অস্বীকার করেছিলেন।
বৃহস্পতিবার শিবসেনা (ইউবিটি) মুখপাত্র সঞ্জয় রাউথ দাবি করেছেন, দলত্যাগী সাংসদদের চার্টার্ড বিমানে ওঠার আগে ১৫ কোটি করে টাকা দেওয়া হয়েছে। এরপর রাজস্থানের গোপন ডেরায় আরও ১০ কোটি করে। তাঁর আরও অভিযোগ, সাংসদ পিছু ৫০ কোটি টাকা করে মূল্য ধার্য হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের বাদল অধিবেশনের আগেই যে কোনো মূল্যে লোকসভায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা চাইছে বিজেপি। তাই একের পর দল ভাঙানো চলছে। এর আগেই একইভাবে তৃণমূলের ২০ জন সাংসদ ভাঙানো হয়েছে। এরপর শিবসেনা ইউবিটি-র ৬ জন। গতকাল বুধবার থেকেই গুঞ্জন উঠেছে এরপর সমাজবাদী পার্টি ভাঙতে চলেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন