

বুধবার অধিবেশন শেষের পর একেবারে অন্যরকম রাজনৈতিক দৃশ্য দেখা গেল সংসদ চত্বরে। সাংবাদিকদের রাহুল গান্ধী সম্পর্কেই কিছু একটা বলছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রহ্লাদ যোশী। সেইসময় সেখানে আচমকা উপস্থিত হন বিরোধী দলনেতা। এরপর তড়িঘড়ি নিজেদের বাইট শেষ না করেই সেখান থেকে সরে যান দুই মন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তের ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে, প্রহ্লাদ যোশী এবং অশ্বিনী বৈষ্ণব সংসদ চত্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে বলছেন, রাহুল গান্ধীর উচিত ছিল এপস্টিন ফাইলস, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সহ একাধিক প্রসঙ্গ লোকসভায় তোলার আগে সেগুলোর সত্যতা যাচাই করা।
সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়ান রাহুল গান্ধী এবং বলেন, “আমিও আপনাদের সাথে দাঁড়াতে চাই এবং হ্যালো বলতে চাই।“ রাহুলকে দেখে তৎক্ষণাৎ সেখান থেকে সরে যেতে শুরু করেন দুই মন্ত্রী। কিন্তু রাহুল যোশীর হাত ধরে রাখার চেষ্টা করেন এবং বলেন, "আসুন, একসাথে দাঁড়াই, একসাথে কাজ করি।" এরপরও রাহুলের হাত ছাড়িয়ে চলে যান যোশী। রাহুলের পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর বোন এবং অন্যান্য দলীয় সাংসদরা। তাঁরা এই দৃশ্য দেখে হেসে ফেলেন।
মন্ত্রীরা চলে যাওয়ার পর, সাংবাদিকরা বিরোধী দলনেতাকে প্রশ্ন করেন যে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন বিষয় তোলার অভিযোগ এনেছে বিজেপি। উত্তরে তিনি বলেন, “না, আমার কাছে তথ্য আছে। হরদীপ সিং পুরী এবং অনিল আম্বানির নাম এপস্টাইন ফাইলে রয়েছে। প্রধানমন্ত্রীর উপর সরাসরি চাপ রয়েছে। চাপ ছাড়া কোনও প্রধানমন্ত্রী এটি (মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সমঝোতা) করবেন না। কৃষকদের সাথে, দেশের জনগণের তথ্য নিয়ে, জ্বালানি সুরক্ষার নিয়ে যা করেছেন তিনি, কোনও প্রধানমন্ত্রী স্বাভাবিক পরিস্থিতিতে এটি করবেন না।‘’
তিনি ফের অভিযোগ করেন, “কেউ একজন প্রধানমন্ত্রী মোদীর গলা চিপে রেখেছেন।‘’ এই একই অভিযোগ সংসদের মধ্যেও করেছিলেন তিনি।
তবে দুই মন্ত্রী এবং বিরোধী দলনেতার এই নাটকীয় মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কংগ্রেস নেতা-কর্মীরা পূর্ণ উদ্যমে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। সিনিয়র কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে লিখেছেন, "বিজেপি মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং অশ্বিনী বৈষ্ণব মিডিয়ার সামনে বলছিলেন: ‘অভিযোগ করার আগে রাহুল গান্ধীর সত্যতা প্রমাণ করা উচিত'। রাহুলজি এসে বললেন, 'চলো একসাথে কথা বলি'। দুজনেই পুরো গতিতে সেখান থেকে ছুটে পালালেন!"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন