সাভারকরের নামে নামকরণ মুম্বইয়ের ভারসোভা-বান্দ্রা সমুদ্র সেতুর

পাশাপাশি, আরও এক নির্মাণাধীন শেওড়ী-নব সেবা ট্রান্স হার্বার লিংক নামে পরিচিত মুম্বই ট্রান্স হার্বার লিংকেরও নয়া নাম হবে অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নব সেবা অটল সেতু।
ভারসোভা-বান্দ্রা সমুদ্র সেতু
ভারসোভা-বান্দ্রা সমুদ্র সেতুছবি সংগৃহীত
Published on

মুম্বইয়ের নির্মাণাধীন ভারসোভা-বান্দ্রা সমুদ্র সেতুর নয়া নাম হবে 'বীর সাভারকর সেতু'। বুধবার মহারাষ্ট্রের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশের মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সরকার তাদের হিন্দুত্ববাদী চিন্তাধারা আরও স্পষ্ট করে দিল। পাশাপাশি, আরও এক নির্মাণাধীন শেওড়ী-নব সেবা ট্রান্স হার্বার লিংক নামে পরিচিত মুম্বই ট্রান্স হার্বার লিংকেরও নয়া নাম হবে অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নব সেবা অটল সেতু।

ঠিক একমাস আগে, ২৮ মে হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরের ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে নির্মাণাধীন ভারসোভা-বান্দ্রা সি লিংকের নামকরণ সাভারকরের নামে করা হবে বলে ঘোষণা করেছিলেন। তার সঙ্গে ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বই ট্রান্স হার্বার সেতুর নামও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর নামে করার কথা জানান তিনি। এই ঘোষণার ঠিক একমাসের মাথায় বুধবার মহারাষ্ট্র মন্ত্রিসভায় খুব সহজেই ওই ঘোষণায় শিলমোহর পড়ল।

মহারাষ্ট্রের উপকূলীয় সড়ক প্রকল্পের আওতায় নির্মানাধীন ১৭ কিলোমিটার দীর্ঘ ভারসোভা-বান্দ্রা সমুদ্র সেতু আন্ধেরি অঞ্চলকে বান্দ্রা-ওর্লি অঞ্চলের সঙ্গে যুক্ত করবে। অন্যদিকে, মুম্বই ট্রান্স হার্বার সেতুর কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই সেতু মুম্বইকে নভি মুম্বই তথা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করবে।

মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুংগানতিওয়ার জানিয়েছেন, "সেতু দুটি ভারতের দুই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের নামে নামকরণ করা হচ্ছে। এই নিয়ে আশা করি কোনও বিতর্ক সৃষ্টি হবে না।"

তবে এই নাম পরিবর্তন শিণ্ডে সরকারের জন্য নতুন কিছু নয়। মাত্র এক বছর সরকারে থেকেই মহারাষ্ট্রের তিনটি জায়গার নাম পরিবর্তন করেছে একনাথ শিণ্ডের সরকার। যার মধ্যে আহমেদনগরের নাম পরিবর্তন করে মারাঠি রাণি অহিল্যা দেবী হোলকারের নামে রাখা হয়েছে অহিল্যানগর। আবার অওরঙ্গাবাদের নতুন নাম রাখা হয়েছে ছত্রপতি শিবাজীর বড় ছেলে ছত্রপতি শম্ভাজির নামে এবং ওসমানাবাদের নয়া নাম হয়েছে ধারাশিভ।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মোটামুটি আর এক বছর বাকি। তার আগে এই নাম বদল শিণ্ডে সরকারের হিন্দুত্ববাদকেই প্রকাশ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, একমাস আগে ভারসোভা-বান্দ্রা সমুদ্র সেতুর নয়া নামকরণের কথা ঘোষণার পর শিণ্ডে সরকারের যথেষ্ট নিন্দা করেছিল কংগ্রেস। রাজ্যের মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরাতেই একের পর এক প্রকল্পের নাম পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ ছিল কংগ্রেসের। কংগ্রেস দাবি করেছিল, স্বাধীনতা সংগ্রামে নেতিবাচক ভূমিকা পালন করা ব্যক্তিত্বদের নামই ব্যবহার করা হচ্ছে।

ভারসোভা-বান্দ্রা সমুদ্র সেতু
Tripura: উল্টোরথের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৭, আহত ১৮

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in