Gujarat: আদানি বিরোধী বিক্ষোভে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতল দাহ; ২১ কৃষকের বিরুদ্ধে FIR

People's Reporter: আদানির এই প্রকল্পের বিরুদ্ধে গত জুন মাস থেকে কৃষকরা আন্দোলন চালাচ্ছেন। ১৭ জন কৃষক প্রথম মাথা ন্যাড়া করে এই আন্দোলনের সূচনা করেন।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীফাইল ছবি দ্য প্রিন্ট থেকে সংগৃহীত
Published on

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল পোড়ানোর অভিযোগে গুজরাটে ২১ জন কৃষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো স্থানীয় পুলিশ। আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কয়েকদিন ধরেই গুজরাটের মোরবি জেলায় কৃষকদের বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভেই গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। এই এফআইআর-এ নাম আছে আন্দোলনের নেতা নেহুল ধীরজলাল আমরুতিয়ার। যিনি গত জুন মাস থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।

আদানী গোষ্ঠীর আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (AESL) গুজরাটের মোরবি জেলায় বিদ্যুতের জন্য কৃষিজমির ওপর দিয়ে হাইটেনশন লাইন এবং টাওয়ার বসানোর কাজ করছে। কৃষিজমিতে এই কাজের বিরুদ্ধেই আন্দোলন করছেন কৃষকরা। ইতিমধ্যেই তাঁরা সরকারের প্রস্তাবিত ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন। তাদের বক্তব্য অনুসারে, এই ক্ষতিপূরণ যথেষ্ট নয়।

জানা গেছে, যে ২১ জন কৃষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাঁরা সকলেই জেটপার এবং পার্শ্ববর্তী কুম্ভারিয়া গ্রামের বাসিন্দা। উল্লেখযোগ্যভাবে এই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন মোরবি তালুকা পুলিশ থানার পুলিশ ইন্সপেক্টর নীলেশ ঘেটিয়া। তাঁর করা অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে ১৮ সেপ্টেম্বর।

ঘটনাপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, হোয়াটস অ্যাপে তিনি একটি ভিডিও পেয়েছিলেন। সেখানেই কিছু মানুষকে শ্লোগান দিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়াতে দেখা যায়। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিনে কিছু মানুষ তাঁর কুশপুতুল পুড়িয়েছেন এবং এঁরা পুলিশের অনুমতি না নিয়ে আগেই করা পরিকল্পনা অনুসারে চক্রান্ত করে রাস্তা অবরোধ করে।

এফআইআর-এ বলা হয়েছে এই ঘটনায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বিক্ষোভ থেকে প্ররোচনামূলক শ্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে। যার ফলে জনজীবন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারতো।

ঘটনা প্রসঙ্গে জেটপার ভিলেজ অ্যাসোসিয়েশনের পক্ষে মুকেশ প্যাটেল জানিয়েছেন, অতীতে বিজেপি যখন বিরোধী ছিল তখন তারা বহুবার প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর কুশপুতুল পুড়িয়েছে। কিন্তু কখনও তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি। তিনি আরও বলেন, ভারতীয় সংবিধানের ধারা ১৯ অনুসারে প্রতিবাদ জানানো এবং কুশপুতুল পোড়ানো আমাদের অধিকারের মধ্যে পড়ে। তাই এই বিষয় নিয়ে আমরা একদমই চিন্তিত নই।

আদানির এই প্রকল্পের বিরুদ্ধে গত জুন মাস থেকে কৃষকরা আন্দোলন চালাচ্ছেন। ১৭ জন কৃষক প্রথম মাথা ন্যাড়া করে এই আন্দোলনের সূচনা করেন। ১৫ই জুন কয়েক হাজার মানুষ কিষাণ কংগ্রেস এবং কিষাণ সংঘর্ষ সমিতির ডাকে ট্রাক্টর, গরুর গাড়ি, গাড়ি, দু-চাকার যান, বাস এবং পায়ে হেঁটে শান্তিপুরা সার্কেল থেকে গান্ধীনগর পর্যন্ত যাত্রা করেন।

কৃষকদের আন্দোলনের জেরে গত ৩ জুলাই গুজরাট সরকার ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করে। যদিও কৃষকদের দাবি এই প্রকল্পের ফলে তাদের জমি আর চাষযোগ্য থাকবে না। তাই ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করতে হবে। মোরবি ছাড়াও এই প্রকল্প কচ্ছ, জামনগর, দেবভূমি দ্বারকা, সুরেন্দ্রনগর, পাটন এবং বানসকান্থার কৃষকদেরও প্রভাবিত করবে৷

যদিও কৃষকদের বক্তব্য, এটি কোনো একটি জেলার বিষয় নয়। গুজরাট বর্তমানে প্রায় ২০টি জেলা জুড়ে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ প্রায় ১০০টি উচ্চ-ভোল্টেজ বিদ্যুৎ করিডোর স্থাপন করছে। ১৩৫ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হচ্ছে।

কৃষক সংগঠনগুলোর অনুমান, এর ফলে প্রায় ৫.৫ লক্ষ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রায় ৩,৮০০ হেক্টর কৃষি জমি ব্যবহৃত হবে। ১৪টি জেলার কৃষকরা ইতিমধ্যেই তাদের জমিতে খুঁটি বসানোর বিষয়ে নোটিশ পেয়েছেন এবং ছয়টি জেলায় নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী
Gujarat: কংগ্রেসি পরিবারের বউমা এখন বিজেপির মন্ত্রী! রিভাবা ছাড়াও গুজরাট মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী
Gujarat: কংগ্রেসি পরিবারের বউমা এখন বিজেপির মন্ত্রী! রিভাবা ছাড়াও গুজরাট মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in