FSSAI: খবরের কাগজে মুড়ে দেওয়া খাবার খাচ্ছেন? স্বাস্থ্যবিধি নিয়ে সতর্কতা জারি করলো এফএসএসএআই

People's Reporter: FSSAI এক বিবৃতিতে জানিয়েছে, কাগজ ছাপানোর কালিতে বিষাক্ত রাসায়নিক, সীসার মতো ধাতু থাকে। গরম বা তেলযুক্ত খাবারের সংস্পর্শে এই কালি এলে সেই বিষাক্ত উপাদান সরাসরি খাবারের মধ্যে মেশে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি এফএসএসএআই ওয়েবসাইট থেকে সংগৃহীত
Published on

খবরের কাগজে গরম খাবার মুড়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (Food Safety and Standards Authority of India - FSSAI) খবরের কাগজে খাবার মুড়ে দেবার বিষয়ে আরও একবার সতর্কবার্তা জারি করেছে। শনিবার ৬ জুন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এফএসএসএআই-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে।

এফএসএসএআই-এর মতে এই অভ্যাসের ফলে ক্রেতাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকছে। এফএসএসএআই শনিবার তাদের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, “খবরের কাগজে ভাজা খাবার পরিবেশন বা মুড়িয়ে দেওয়া আপাতদৃষ্টিতে ক্ষতিকর মনে না হলেও, এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। খবরের কাগজ ছাপানোর কালিতে বিষাক্ত রাসায়নিক এবং সীসার (lead) মতো ভারী ধাতু থাকে। গরম বা তেলযুক্ত খাবারের সংস্পর্শে যখন এই কালি আসে, তখন সেই বিষাক্ত উপাদানগুলো সরাসরি খাবারের মধ্যে মিশে যায়।”

ইতিমধ্যেই মুম্বাইয়ের এক প্রতিষ্ঠিত বড়া পাও বিক্রেতার বিরুদ্ধে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি খবরের কাগজে খাবার মুড়ে দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠার পরে এফএসএসএআই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। এফএসএসএআই পশ্চিমাঞ্চল এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি)-র পক্ষ থেকে এক যৌথ অভিযানে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। আগামীদিনে দেশের সব অঞ্চলে খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে এই অভ্যাস ত্যাগ করার আবেদন জানিয়েছে এসফএসএসএআই।

এফএসএসএআই আরও জানিয়েছে, খবরের কাগজ পাঠকের হাতে পৌঁছানোর আগে একাধিক ধাপ অতিক্রম করে। সেখানে ছাপা, প্রক্রিয়াকরণ, পরিবহন এবং বিতরণের বিষয়টি যুক্ত থাকে। এই সময় খবরের কাগজে ধুলো, ময়লা, ব্যাকটিরিয়া থেকে দূষণ হতে পারে। যার ফলে সেই কাগজে খাবার দেওয়া হলে তা সরাসরি শরীরে প্রবেশের সম্ভাবনা থেকে যায়।

এই বিষয়ে খাদ্য সুরক্ষা ও মান (প্যাকেজিং) নির্দেশিকা, ২০১৮ অনুসারে খাবার সংরক্ষণ, বা পরিবেশনের জন্য খবরের কাগজের ব্যবহার নিষিদ্ধ। এই নির্দেশিকা রাস্তার খাবার বিক্রেতা, রেস্তোরাঁ, ক্লাউড কিচেন, ক্যাটারার, খাবারের স্টল, ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা, ছোটো খুচরা বিক্রেতাদের ওপর প্রযোজ্য।

ছবি প্রতীকী
ছাপার কালিতে বিষ! খবরের কাগজে মুড়ে খাবার বিক্রি নয়, বিক্রেতাদের নির্দেশ FSSAI-এর
ছবি প্রতীকী
Patanjali: বাজার থেকে তড়িঘড়ি ৪ টন পতঞ্জলি লঙ্কার গুঁড়ো তুলে নেওয়া নির্দেশ FSSAI-এর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in