Prakash Raj: 'এই কেন্দ্রেই জন্মেছি, এখানেই থাকি' - এসআইআরে নাম বাদ পড়ার অভিযোগ জানালেন প্রকাশ রাজ

People's Reporter: ভিডিও বার্তার শেষে প্রকাশ বলেন, বেশ, এবার খেলা শুরু। কিন্তু একটা ছোট্ট কথা। যারা আপনাকে নির্বাচিত করবে না তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে আপনি আপনার ক্ষমতার ব্যবহার করতেই পারেন।
যন্তর মন্তরের বিক্ষোভে প্রকাশ রাজ
যন্তর মন্তরের বিক্ষোভে প্রকাশ রাজফাইল ছবি, প্রকাশ রাজের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

প্রকাশ্যে বিবৃতি দিয়ে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে দাবি করলেন অভিনেতা প্রকাশ রাজ। নিজের এক্স হ্যান্ডেল (পূর্বতন ট্যুইটার) অভিনেতা এই দাবি জানিয়েছেন। ভিডিও বার্তায় জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা বলেন, তিনিও সেই ৬৫ লক্ষ ভোটারদের একজন, যার ভোটাধিকার ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (Special Intensive Revision - SIR) পর বাদ পড়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ জানিয়েছেন, “বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করতে চাই। আমিও সেই ৬৫ লক্ষ ভোটারদের একজন, যার ভোটাধিকার এসআইআর-এর পর বেঙ্গালুরু কেন্দ্র থেকে বাদ দেওয়া হয়েছে। দারুণ সুন্দর ব্যাঙ্গ, তাই না? আমি এই কেন্দ্রে জন্মেছি। আমি এই কেন্দ্রে বসবাস করি। আপনাদের অবগতির জন্য জানাই আমার স্কুল, কলেজ, থিয়েটার সবই এখান থেকে। আমি এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছি।”

তিনি আরও বলেন, দেখি এবার আমাকে কী কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আমার ভোটার আইডি ফেরত পেতে কী কী কাগজ দেখাতে হয়?

ভিডিও বার্তার শেষে প্রকাশ বলেন, বেশ, এবার খেলা শুরু। কিন্তু একটা ছোট্ট কথা। যারা আপনাকে নির্বাচিত করবে না তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে আপনি আপনার ক্ষমতার ব্যবহার করতেই পারেন। কিন্তু আমাদের কি আপনাকে ক্ষমতাচ্যুত করা থেকে আটকাতে পারবেন? শুধু এটুকুই জানতে চাইছি। 

যদিও প্রকাশ রাজের আনা এই অভিযোগের বিরুদ্ধে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের আধিকারিকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও জানা গেছে, বেঙ্গালুরু সেন্ট্রালের শান্তিনগর নির্বাচনী এলাকার অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, ডুপ্লিকেট এবং অন্যান্য তালিকায় তাঁর নাম রয়েছে এবং বলা হয়েছে স্থায়ীভাবে স্থানান্তরের কারণে তাঁর নাম বাদ পড়েছে।

সোমবার ১০ আগস্ট ভারতের নির্বাচন কমিশন কর্ণাটক এসআইআর-এর যে তথ্য প্রকাশ করেছে তাতে রাজ্যের মোট ভোটারের ১৯.৬৬ শতাংশ বা ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৫৩০ জন ভোটারের নাম এএসডিডিও হিসেবে চিহ্নিত করা হয়েছে। কর্ণাটকের বৃহত্তম কেন্দ্র বেঙ্গালুরুর অর্ধেকেরও বেশি ভোটারের নাম এখানে চিহ্নিত করা হয়েছে। যাঁদের নাম বাদ পড়েছে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা ভোটার তালিকায় নাম সংযুক্তির জন্য আবেদন জানাতে পারবেন। আগামী ২৭ অক্টোবর কর্ণাটকের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার কথা।

প্রসঙ্গত, বিভিন্ন ভাষায় প্রকাশ রাজ প্রায় ৪০০-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে আছে তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি। সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় তিনি বারবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। বিশেষ করে ২০১৭ সালে তাঁর ঘনিষ্ঠ বন্ধু গৌরী লঙ্কেশের হত্যার পর থেকে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে আরও সরব হয়েছে। অতি সম্প্রতি নীট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।

যন্তর মন্তরের বিক্ষোভে প্রকাশ রাজ
Prakash Raj: হিন্দু দেব-দেবী, রামায়ণ নিয়ে মন্তব্যে ভাবাবেগে আঘাত, প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের
যন্তর মন্তরের বিক্ষোভে প্রকাশ রাজ
Prakash Raj: লোকসভার আগে বিজেপিতে প্রকাশ রাজ! ভাইরাল পোস্ট নিয়ে কী জবাব দিলেন অভিনেতা?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in