হিন্দু দেব-দেবী ও রামায়ণ নিয়ে মন্তব্যের জেরে বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতির এক আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা তথা তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) ট্রাস্ট বোর্ডের সদস্য জি ভানুপ্রকাশ রেড্ডি। তিনি সোমবার, ১৫ জুন, 'চতুর্থ অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি)'-এর আদালতে এই অভিযোগ দায়ের করেন।
প্রকাশ রাজের বিরুদ্ধে আনা অভিযোগে বিজেপি নেতা ভানুপ্রকাশ জানান, গত ১৭ এপ্রিল তিনি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি ভিডিও দেখেন। যে ভিডিওতে অভিনেতা রাজ রাম, লক্ষ্মণ এবং রামায়ণ সম্পর্কে "অবমাননাকর", "উসকানিমূলক" ও "বিদ্বেষপূর্ণ" মন্তব্য করেছেন। বিজেপি নেতার দাবি, এই মন্তব্যে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে এবং ক্ষোভের সৃষ্টি করেছে। জানা যাচ্ছে, কেরালা সাইত্য উৎসবে বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেন অভিনেতা প্রকাশ রাজ।
বিজেপি নেতা আরও দাবি করেছেন, প্রকাশ রাজের এই মন্তব্য 'ভারতীয় ন্যায় সংহিতা'-র ২৯৯ ধারা (কোনো গোষ্ঠীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ কাজ) এবং ১৯৬ ধারা (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো বা সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ক্ষতিকর কাজ)-এর আওতায় পড়ে। তাই আইন অনুযায়ী প্রকাশ রাজকে তলব এবং তাঁর শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, এর আগে ভানুপ্রকাশ রেড্ডি এই ঘটনার জেরে প্রকাশ রাজকে আইনি নোটিশ পাঠান এবং তিরুপতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর এই অভিযোগ বা আইনি নোটিশে কোন পদক্ষেপ না নেওয়ায় তিনি এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন।
প্রকাশ রাজ কী বলেছিলেন
রেড্ডির অভিযোগ, জানুয়ারি মাসে কেরালা সাহিত্য উৎসবে প্রকাশ রাজ বিতর্কিত মন্তব্য করেছিলেন। অভিযোগ অনুযায়ী, অভিনেতা দাবি করেছিলেন যে ভগবান রাম ও লক্ষ্মণ উত্তর ভারত থেকে দক্ষিণে "আক্রমণ" করতে এসেছিলেন এবং তিনি দক্ষিণ ভারতকে "লঙ্কা"-র সাথে তুলনা করেছিলেন।
বিভাজনমূলক বয়ানের অভিযোগ
অভিযোগকারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভাজনমূলক "আর্য-দ্রাবিড়" তত্ত্ব প্রচার করেছেন এবং আঞ্চলিক বিদ্বেষ উসকে দিয়েছেন। তিনি আরও বলেন, অভিনেতা ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য ক্ষুণ্ণ করেছেন। তাঁর অভিযোগ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে অভিনেতা ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্মের দেবদেবী ও ধর্মগ্রন্থকে অপমান করেছেন।