

এগিয়ে থেকেও ড্র। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে নিশ্চিত ৩ পয়েন্ট হারালো মোহনবাগান। এদিন ম্যাচে অতিরিক্ত সময়ে গোল হজম করে মোহনবাগান। ফলে ১-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়লো সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে একমাত্র গোলদাতা লিস্টন কোলাসো।
এদিন ম্যাচের ১০ মিনিটে আক্রমণে ওঠার চেষ্টা করে জামশেদপুর। মাঝমাঠে বল পান স্টোজানোভিচ। অলদ্রেদ চ্যালেঞ্জ করে বল ক্লিয়ার করলেও চোট পান। যে কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। কারণ মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আলদ্রেদকে। তাঁকে ভালো করে পরীক্ষা করে দেখা হয়, তিনি খেলতে পারবেন কিনা। ১৫ মিনিটেই গোল পেয়ে যায় মোহনবাগান। শুভাশিস বসু বক্সের বাইরে ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিস্টনকে বাড়ান। আর লিস্টন ফাঁকা জায়গা পেয়ে ডান পায়ে শট নেন। বলটি ডিফেন্সের উপর দিয়ে উঠে যায় এবং ক্রসবারের নিচে লেগে ঠিক ভাবে জালে জড়ায়। কিছুই করার ছিল না জামশেদপুর কিপারের।
তবে এরপরই মোহনবাগান গোল হজম করতেই পারতো। ২১ মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠে ভালো একটা সুযোগ তৈরি করেছিল জামশেদপুর। বাঁ-দিক থেকে সানানকে বল দেওয়া হয়। তিনি একবারেই বাঁ পায়ে ক্রস বাড়ান। মেসি বাউলি সামনে অপেক্ষায় ছিলেন, তবে বিশাল কাইথ তৎপর হয়ে লাফিয়ে বলটি সহজেই ধরে ফেলেন।
৩৫ মিনিটে নিশ্চিত গোল মিস করে মোহনবাগান। বক্সের বাঁ-দিকে রবসনকে খুঁজে তাঁকে লক্ষ্য করে বাঁ-পায়ে জোরালো শট নেন, বল গোলের সামনে দিয়ে চলে যায়। ম্যাকলারেন স্লাইড করে পৌঁছলেও ঠিক মতো পায়ে লাগেনি বল। অল্পের জন্য বাঁ-দিকের পোস্টের বাইরে চলে যায়। তবে ম্যাকলারেন বলটি পায়ে লাগালে নিশ্চিত গোল ছিল। প্রথমার্ধ ১-০ ব্যবধানেই শেষ হয়।
৫১ মিনিটে মেসি বাউলিকে আটকাতে গিয়ে তাঁকে ফাউল করে বসেন আপুইয়া। যে কারণে তাঁকে হলুদ কার্ড দেখানো হয়। ৭৫মিনিটে গোলের সুযোগ নষ্ট করে জামশেদপুর এফসি। গ্যাব্রিয়েল বক্সের ডানদিকে বল পেয়ে মেসি বাউলিকে পাস দিতে চান, কিন্তু পাস খারাপ হওয়ায় ডিফেন্ডাররা সহজেই বল ক্লিয়ার করে দেয়। ৮১ মিনিটেও গোল মিস করে জামশেদপুর। তবে ইনজুরি টাইমে ডিফেন্স ভুলে গোল হজম করে টিম বাগান। গোল দাতা বাঙালি ঋত্বিক দাস।
মোহনবাগানের পরের ম্যাচ আগামী ১২ এপ্রিল যুবভারতীতে পঞ্জাব এফসির বিরুদ্ধে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন