

আজ থেকে শুরু হচ্ছে ১৯তম আইপিএল। তবে এবার হবে না উদ্বোধনী অনুষ্ঠান। গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ায় প্রথা অনুযায়ী সেখানেই উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা। কিন্তু বোর্ড এবার ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে।
গত বছর ৪ জুন বেঙ্গালুরু প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ায় উৎসবে মেতেছিল শহর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ সমর্থকের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “গত ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে এবছর আইপিএল শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না।”
এর আগে ২০১৯ সালেও আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই। সেবার পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ায় অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। সে বার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।
আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আইপিএল খেলবেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, সাফল্য পেতে মরিয়া কোহলি। অন্যদিকে হায়দরাবাদ ভরসা রাখছে ঈশান কিশান এবং অভিষেক শর্মার মতো তরুণদের উপর।
এবারের আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে বোর্ড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন